Recent event

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ লিখেছেন ৪০ হাজার ২০৬ নাগরিক

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’
জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ | ছবি: এখন টিভি
0

‘দেশের চাবি, আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গণভোট–২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ভোটের গাড়ি কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে স্থাপন করা ‘জনমত বাক্স’-এ দেশের সাধারণ মানুষ সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তাদের ‘মনের কথা’ লিখে জানিয়েছেন। ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম চলাকালে টুকরো টুকরো কাগজে লেখা এসব মতামত জমা দেন নাগরিকরা। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪০ হাজার ২০৬ জন সাধারণ মানুষ ‘জনমত বাক্স’-এর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের মন্তব্য ও মতামত পৌঁছে দিয়েছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্ট তুলে ধরা হলো—

হয়ত বানান ভুল, বাক্য গঠন ছিল অসম্পূর্ণ কিন্তু আবেগের কোনো কমতি নেই এই টুকরো কাগজগুলোতে। কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখ, কেউ চান হয়রানিমুক্ত হোক সকল পাবলিক সার্ভিস; চান রাষ্ট্রযন্ত্রের সংস্কার হোক, জুলাই হত্যাকাণ্ডে বিচার চেয়েছেন, উঠে এসেছে নারী-পুরুষের সমতা; শিশুর জন্য নিরাপদ পরিবেশ, ভালো শিক্ষাব্যবস্থা, দুর্নীতিমুক্ত-আধিপত্যমুক্ত বাংলাদেশের কথা। আবার কেউ কেউ ব্যক্তি আক্রমণ-আক্রোশ লিখেছেন, সরকারের সমালোচনাও করেছেন।

সবমিলিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে টুকরো টুকরো কাগজে মন্তব্য জানিয়েছেন ৪০ হাজার ২০৬ জন। ‘দেশের চাবি, আপনার হাতে’ গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারণার জন্য ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রমে ‘জনমত বাক্স’-এ সরাসরি প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন এদেশের সাধারণ জনগণ।

আরও পড়ুন:

ঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬ মন্তব্য। চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি। সিলেট থেকে ১ হাজার ৬৫১টি। বরিশাল থেকে ২১২৪টি। খুলনা থেকে ৪৬৭৮টি। রংপুর ৩৬০৫টি। রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি। ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি মন্তব্য এসেছে।

ভোটের গাড়ি সারা দেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোর প্রায় ২১৬৯টি স্পটে গিয়ে প্রচারণা কার্যক্রম চালিয়েছে।

গাজীপুর থেকে রাফা লিখেছেন, ‘আমার পরামর্শ হলো আমি এ দেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই। এরকম একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নীতি-নির্ধারক তৈরি করার নির্বাচন অনুষ্ঠিত করুন- রাফা, গাজীপুর বয়স: ১০ বছর।’

কুমিল্লা থেকে দেওয়ান সালাহউদ্দিন লিখেছেন, ‘সুষ্ঠু ভোট দেয়ার সুযোগ করে দিতে হবে। মানুষ চায় সুষ্ঠু ভোট দিতে কেন্দ্রে যেতে পারে। কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। প্রধান উপদেষ্টা ভালো ভোট আয়োজন করবেন। শুভেচ্ছান্তে দেওয়ান সালাহউদ্দিন।’

আরও পড়ুন:

চট্টগ্রাম থেকে গোলাম রাব্বানি লিখেছেন, ‘আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমাকে ভোট দেয়ার জন্য কোম্পানির মালিককে সুযোগ করে দেয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।’

ঠাকুরগাঁও থেকে একজন লিখেছেন, ‘গরিব মানুষ দিন মজুর করে খাই। গরুর মাংস আমরা কিনে খেতে পারি না। বাজার নিয়ন্ত্রণ চাই, সিন্ডিকেট চলতেছে বাজারে। গরিব মানুষ কিনে খাইতে পারছে না।’

বরিশাল থেকে সাদিক লিখেছেন, ‘যে দেশে শিক্ষকদের মান উন্নয়ন নিয়ে কেউ ভাবে না, সে দেশে সুন্দর আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না।’

পিরোজপুর থেকে একজন লিখেছেন, ‘বাংলাদেশের সকল মানুষের অধিকার দিতে হবে। সব ধর্মের মানুষের অধিকার দিতে হবে। সবাইকে বাকস্বাধীনতা অধিকার দিতে হবে। স্বাধীন বাংলার সবার অধিকার থাকবে। পক্ষপাতিত্ব যেন না হয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বাঁচতে চাই। সংখ্যালঘু নিরাপত্তা চাই।’

আরও পড়ুন:

দিনাজপুর থেকে লিজা, বিপাশা, সুমি, লিনা, বৃষ্টি লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানকে মনে রেখে দেশের সুন্দর ও সুষ্ঠু সংস্কার চাই। নারী ও শিশুদের অধিকার, ধর্ষণের ১০ দিনের মধ্যে রায় কার্যকর হোক। রাজনীতি যে দলই আসুক দিনাজপুর না কেন দেশের সংস্কারে যেন সকলেই নিয়োজিত থাকে।’

কোনো রকম অস্বস্তি-সংকোচ ছাড়াই সাবলীল, আবেগাপ্লুত মন্তব্যগুলো পড়ে উচ্ছ্বসিত হয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘জনগণের এমন অকৃত্রিম ভালোবাসা অমূল্য সম্পদ।’

তাই কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই সকল প্রশংসা, মন্তব্য, পরামর্শ এবং সমালোচনা-নিন্দাও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এনএইচ