মো. আলিমুজ্জামান জানান, তার মূল লক্ষ্য হলো ‘নতুন বাংলাদেশ’-এর কর ব্যবস্থাপনায় করদাতার ব্যক্তিগত সততার ওপর নির্ভর না করে একটি স্বচ্ছ ও প্রযুক্তিগত কাঠামোর মাধ্যমে ভ্যাট আদায় নিশ্চিত করা। তিনি দেশে ‘সিস্টেম ট্রাস্ট’ প্রবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন, যেখানে প্রযুক্তির মাধ্যমেই ভ্যাট ফাঁকি রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
বর্তমানে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো ‘ভ্যাট মিসম্যাচ’। এই জটিলতা নিরসনে এবং ভ্যাট আইনকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে জোরালো ভূমিকা রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন।
আরও পড়ুন:
আলিমুজ্জামান বলেন, ‘বাজারে বিদ্যমান ভ্যাট জটিলতা নিরসনে বিশ্বের ৩০টিরও বেশি দেশের ভ্যাট ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশে প্রয়োগ করা জরুরি। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত এবং ব্যবসায়ী-বান্ধব ট্যাক্স ইকোসিস্টেম গড়ে তুলতে।’
আইভিএর সদস্যপদ লাভকে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। তিনি বিশ্বাস করেন, সঠিক অটোমেশন এবং নীতি সংস্কারের মাধ্যমে এমন একটি ব্যবস্থা তৈরি করা সম্ভব যেখানে সিস্টেম নিজেই তথ্যের সঠিকতা নিশ্চিত করবে। এতে করে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে ব্যবসায়ীদের হয়রানিও কমে আসবে।





