এক সপ্তাহে সারাদেশে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬৯

গ্রেপ্তারকৃতরা
গ্রেপ্তারকৃতরা | ছবি: আইএসপিআর
0

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এক সপ্তাহে (২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে বৃহস্পতিবার, ২ অক্টোবর) পর্যন্ত মোট ৬৯ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (শুক্রবার, ৩ অক্টোবর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সকল যৌথ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, দুষ্কৃতকারী, অবৈধ অস্ত্রধারী, অস্ত্র ব্যবসায়ী, শিশু পাচারকারী, জুয়ারি, নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৬৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অপরাধীদের নিকট হতে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি ধারালো অস্ত্র, দেশি ও বিদেশি মাদকদ্রব্য, মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের ৬২টি জেলায় সার্বক্ষণিক টহলের মাধ্যমে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ও মন্দিরে পূজা অর্চনার প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করে।

এছাড়াও, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সেজু