Recent event

মানবিক করিডোর জাতিসংঘের কোনো বিষয় নয়: গোয়েন লুইস

কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে আলোচনা
কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে আলোচনা | ছবি: এখন টিভি
0

মানবিক করিডোর জাতিসংঘের কোনো বিষয় নয়, এক্ষেত্রে সবার আগে একমত হতে হবে বাংলাদেশ-মিয়ানমারকে; তবেই জাতিসংঘের সমর্থনের প্রসঙ্গ আসবে। আজ (বুধবার, ৪ জুন) কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে আলোচনায় একথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে রাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে কবে নির্বাচন হবে সে সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণ।’

দুর্ভিক্ষের শঙ্কায় মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর দিতে সরকার নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর শুরু হয় সমালোচনা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে ঝুঁকির শঙ্কায় এ সিদ্ধান্তের বিরোধিতা করে রাজনৈতিক দলগুলো।

এরপর বিভিন্ন সময় এ বিষয়ে ব্যাখ্যা দেন পররাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তবে তাতেও সন্তুষ্ট হতে পারেনি রজনৈতিক দলগুলো, কাটেনি সংশয়।

এমন প্রেক্ষাপটে এ বিষয়ে জাতিসংঘের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে আলোচনায় তিনি জানান, মানবিক করিডোর জাতিসংঘের কোনো বিষয় নয়। এক্ষেত্রে সবার আগে একমত হতে হবে বাংলাদেশ-মিয়ানমারকে। তবেই জাতিসংঘ এতে সমর্থন দেবে।

আলোচনায় উঠে আসে নির্বাচন, সংস্কার ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়। গোয়েন লুইস বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ একটি রাজনৈতিক সিদ্ধান্ত। জাতিসংঘের এতে কোনো বক্তব্য নেই।’ বাংলাদেশে নির্বাচন কবে হবে তা জনগণের সিদ্ধান্ত বলেও মত তার।

মিয়ানমারের বর্তমান অবস্থা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে জানান লুইস। এ জন্য বাংলাদেশ সরকারের সকল কার্যক্রমকে জাতিসংঘ সহয়তা দেবে বলেও জানান তিনি।

এসএইচ