Recent event

‘শান্তিরক্ষীরা দক্ষতা ও সাহসে বিশ্বজয় করছে’

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: সংগৃহীত
0

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীগুলোর দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (বৃহস্পতিবার, ২৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত ‘পিসকিপারস রান’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশি শান্তিরক্ষীদের একাগ্রতা, সাহস এবং পেশাদারিত্ব আজ বিশ্ববাসীর কাছে সুপরিচিত। সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশ সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে সুনাম অর্জন করেছে, তা আমাদের গর্বিত করে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালনকালে বাংলাদেশি শান্তিরক্ষীরা কেবল দায়িত্বই পালন করছে না, বরং দক্ষতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।’

ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক সাপোর্টেও বাংলাদেশের শান্তিরক্ষীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি। এসময় নারীদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে বলেন, ‘বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ও সফলতা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’

অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ প্রতিনিধি এবং অংশগ্রহণকারী শান্তিরক্ষীরা উপস্থিত ছিলেন।

এনএইচ