বৃষ্টি-বন্যার কারণে সরবরাহ সংকট; রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্বস্তি

রাজধানীর একটি সবজিবাজার
রাজধানীর একটি সবজিবাজার | ছবি: এখন টিভি
0

সারা দেশে বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। ২০০ টাকা ছাড়িয়েছে কাঁচামরিচের দাম। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। মাছ ও মুরগির দামও ঊর্ধ্বগামী। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

রাজধানীর সবজিবাজারে কাঁচামরিচের দাম বেড়েছে বেশ অনেকটাই। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়, যা গত সপ্তাহেই ক্রেতারা কিনেছেন ১০০ টাকার নিচে।

বেড়েছে আদা, পেঁয়াজ ও রসুনের দামও। সপ্তাহের ব্যবধানে পটলের দাম ৪০-৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা; করলা ৫০-৬০ টাকা থেকে বেড়ে এখন ৮০ টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়, আর চিচিঙ্গার দামও বেড়ে হয়েছে ৬০ টাকা।

তবে আলু ৩০ টাকা, কচুমুখি ৬০ টাকা এবং টমেটো ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

ক্রেতারা জানান, প্রায় প্রতিটি সবজিতেই ১০-২০ টাকা দাম বেড়েছে। এদিকে বিক্রেতারা বলেছেন, বৃষ্টির কারণে পরিবহন খরচ বৃদ্ধি ও সরবরাহ কম থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে।

আরও পড়ুন:

মাছের বাজারেও নেই স্বস্তি। বিভিন্ন প্রজাতির মাছের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে নদীতে মাছ ধরা কমে যাওয়ায় সরবরাহ কমেছে, তাই দামও বেড়েছে।

মুদি পন্যের দাম অপরিবর্তিত থাকলেও কিছু কিছু মসলার দাম বেড়েছে খানিকটা। এদিকে ঊর্ধ্বমুখী মুরগির বাজারও। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। তবে লেয়ার ও সোনালি মুরগির দাম ৩৫০ টাকায় স্থিতিশীল রয়েছে। এছাড়া অপরিবর্তিত আছে ছাগল ও গরুর মাংসের দাম।

ক্রেতাদের অভিযোগ, বৃষ্টি কিংবা বন্যার অজুহাতে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। তাদের দাবি, নজরদারির অভাবে আবারও সিন্ডিকেটগুলো সক্রিয় হয়ে উঠছে। তাই বাজার পরিস্থিতি সঠিক মনিটরিংয়ের আহ্বান জানান তারা।

এসএইচ