সময় ফুরিয়ে আসছে; ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

নেতানিয়াহুর সঙ্গে আধঘণ্টা ফোনালাপের পরই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, দ্রুত পদক্ষেপ না নিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। অন্যদিকে যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে নজিরবিহীন জবাব দেয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমনকি নৌ অবরোধ তুলে না নিলে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের কবর রচনার হুমকি দিয়েছেন আইআরজিসির সাবেক কমান্ডার।

স্থবির হয়ে পড়েছে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। এতে যুদ্ধবিরতির মধ্যেও ফের প্রকট হচ্ছে যুদ্ধের শঙ্কা। ক্রমেই ঘনীভূত হচ্ছে উত্তেজনার পারদ। এরমধ্যেই তেহরানের দেয়া ৫ শর্তের বিপরীতে নতুন পাঁচ শর্ত দিলো ওয়াশিংটন। যেখানে তেহরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি, ৪০০ কেজি ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর, ইরানের জব্দকৃত সম্পদের ২৫ শতাংশও ফিরিয়ে না দেয়া এবং কোনো ধরনের ক্ষতিপূরণ না দেয়ার শর্ত রেখেছে যুক্তরাষ্ট্র।

কিন্তু ওয়াশিংটনের এসব শর্ত আগে থেকেই মানতে নারাজ তেহরান। নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফিরে পাওয়া, যুদ্ধকালীন ক্ষতিপূরণ আদায় এবং হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বের স্বীকৃতি পাওয়ার ব্যাপারে অনড় ইরান। এছাড়া লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব জায়গায় যুদ্ধের অবসানের শর্ত তো আছেই।

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে শান্তি চুক্তির জন্য ইরানকে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল (রোববার, ১৮ মে) ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ‘সময় ফুরিয়ে আসছে। চুক্তির জন্য দ্রুত পদক্ষেপ না নিলে ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না।’

এ হুঁশিয়ারির মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আধঘণ্টারও বেশি সময় ধরে ফোনালাপ হয়েছে ট্রাম্পের। যুদ্ধবিরতির মাঝেই ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে দুই দেশের শীর্ষ নেতা আলোচনা হয়। টাইমস অব ইসরাইলের খবরে ওঠে এসেছে এ তথ্য। এছাড়া আগামী সপ্তাহেই ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালাতে পারে বলে শুক্রবার খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

এ অবস্থায় ইরানের বিরুদ্ধে যে-কোনো নতুন আগ্রাসন জন্য ওয়াশিংটনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে ফের হঁশিয়ার করে দিয়েছে তেহরান। পরিণতি এতোই মারাত্মক হবে যে; যা অতীতে দেখেনি কেউ।

এছাড়া, ইরানের বন্দরগুলোর ওপর থেক অবরোধ তুল না নিলে ওমান সাগর যুক্তরাষ্ট্রের কবরস্থানে পরিণত হবে বলে হুমকি দিয়েছেন আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই। এরই মধ্যে নিজেদের বীরত্বপূর্ণ প্রতিরোধের ফলে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রে একক আধিপত্যের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরান সফরে গেছেন মধ্যস্তাকারী দেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে গতকাল (রোববার, ১৮ মে) দেড় ঘণ্টা বৈঠক করেছেন তিনি। এসময় ২৮ ফেব্রুয়ারির মার্কিন-ইসরাইলি আগ্রাসন গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করেছেন পেজেশকিয়ান।

জেআর