ওমানের দুকুম বন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত

ওমানের পোর্ট অব দুকম
ওমানের পোর্ট অব দুকম | ছবি: ওমান নিউজ এজেন্সি
0

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অভিযান জোরদার করার মধ্যে আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ওমানের একটি বন্দরে ড্রোন হামলা হয়েছে। এতে একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ওমান নিউজ এজেন্সি জানায়, দুকুম বাণিজ্যিক বন্দরের জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন পাঠানো হয়, যার মধ্যে একটি ট্যাংকে আঘাত হানে। এতে সৃষ্ট ক্ষতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিন দিনের মধ্যে এটি বন্দরে দ্বিতীয় হামলা। উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের লক্ষ্যবস্তু সম্প্রসারণের প্রেক্ষাপটে এ হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী ওমান চলমান যুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন:

গত রোববার একই বন্দরে দুটি ড্রোন হামলায় এক শ্রমিক আহত হন। একটি ড্রোন শ্রমিকদের আবাসনে আঘাত হানে এবং অন্যটির ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাংকের কাছে পড়ে বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।

যুদ্ধ শুরুর পর এ হামলাগুলোই ছিল ওমানের ভূখণ্ডে প্রথম আঘাত, যদিও সংঘাত শুরুর মাত্র কয়েক দিন আগে দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করেছিল।

গতকাল (সোমবার, ২ মার্চ) রাজধানী মাসকাট উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহাজটির প্রধান ইঞ্জিন কক্ষে বিস্ফোরণে একজন নাবিক নিহত হন। নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক।


এএম