Recent event

গাজায় গণহত্যার পরও ইসরাইলকে মোদির সমর্থন

নরেন্দ্র মোদি, বেনইয়ামিন নেতানিয়াহু
নরেন্দ্র মোদি, বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: রয়টার্স
0

গাজায় গণহত্যার পরও ইসরাইলকে সমর্থন জানালেন ভারতের প্রধানমন্ত্রী। ইসরাইল সফরের প্রথম দিনে পার্লামেন্টের ভাষণে হামাসের প্রতি তীব্র নিন্দা জানান মোদি। অন্যদিকে ভারতকে বন্ধু উল্লেখ করে একই লক্ষ্যে কাজ করার আশা প্রকাশ করেন নেতানিয়াহু।

গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) দুদিনের সফরে ইসরাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বে গুরিয়ন বিমানবন্দরে নেমে নেতানিয়াহুকে জড়িয়ে ধরে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন মোদি। এসময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

এরপর ইসরাইলি সংসদ নেসেটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম ভারতীয় হিসেবে নেসেটে ভাষণ দেন তিনি। গাজায় ইসরাইলি হামলার বিষয়ে নিরব ছিলেন মোদি। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলিদের ওপর হামলার ঘটনায় হামাসের প্রতি তীব্র নিন্দা জানান তিনি। জানান, কোনো অজুহাতেই সাধারণ মানুষকে হত্যা গ্রহণযোগ্য নয়।

যেকোনো প্রয়োজনে ভারত ইসরাইলের পাশে থাকবে বলে আশ্বাস দেন মোদি। এছাড়া গাজা-ইসরাইল যুদ্ধে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাবের প্রতি জোরালো সমর্থন জানায় ভারত।

আরও পড়ুন:

নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের অভিন্ন আদর্শই এই সম্পর্ককে আরও মজবুত করে। আমাদের এই অংশীদারিত্ব কেবল জাতীয় স্বার্থই রক্ষা করে না, বরং বিশ্বজুড়ে স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতেও বড় ভূমিকা পালন করে।’

নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ভারতকে প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করেন। তার মতে, ভারত ও ইসরাইলের লক্ষ্য এক।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এই সফর ইসরাইলকে গভীরভাবে স্পর্শ করেছে। আপনি ইসরাইলের প্রকৃত বন্ধু। আপনি ইসরাইলের বিপদে পাশে ছিলেন, সত্যের পক্ষে ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ।’

এর আগে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুই নেতা। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায় তাদের আলোচনায়। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী নেতানিয়াহু ও মোদি।

এসএস