Recent event

অধিকৃত পশ্চিমতীর রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা, গাজায় একদিনে ১১ ফিলিস্তিনি নিহত

পশ্চিমতীর রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের অনুমোদন
পশ্চিমতীর রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের অনুমোদন | ছবি: সংগৃহীত
0

এবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের জন্য অনুমোদন দিলো ইসরাইল সরকার। একইসময় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে রোববার একদিনে গাজায় অন্তত ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আর এমন সময় গাজা পুনর্গঠনে বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো ৫শ কোটি ডলারের বেশি সহায়তা প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

অধিকৃত পশ্চিমতীরকে কিছুতেই ইসরাইলের সঙ্গে যুক্ত করতে দেবো না বলে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু কোনো তোয়াক্কা করছে না ইসরাইল। বাড়াচ্ছে দখলদারিত্বের মাত্রা। ভূমি দখলের জন্য হত্যা ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি জোর করে বসতভিটা থেকে উচ্ছেদ করছে দখলদার বাহিনী। কষ্টের মাত্রা তীব্র হচ্ছে ফিলিস্তিনিদের।

স্থানীয় একজন বলেন, ‘বসতি স্থাপনকারীরা আমাদের আক্রমণ করছে। তারা আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছে, ভাঙচুর চালিয়েছে। দখলদাররা দীর্ঘদিন ধরে আমাদের ওপর আক্রমণ চালিয়ে আসছে। দিনদিন এই মাত্রা আরও বাড়াচ্ছে। শিশুদের ওপরেও আক্রমণ করে, ধরে নিয়ে যায়।’

এবার অধিকৃত পশ্চিম তীরকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে ইসরাইল। ১৯৬৭ সালে অঞ্চলটি দখলের পর প্রথমবার এমন সিদ্ধান্ত নিলো তেলআবিব। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমনকি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে জর্ডানসহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা।

আরও পড়ুন:

এদিকে গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। রোববার একদিনে নিহত হয়েছেন অন্তত ১১ ফিলিস্তিনি। এতে ইসরাইলের আগ্রাসনে নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে ২০২৫ সালের ১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ৬ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। আর শান্তিচুক্তি লঙ্ঘন করেছে অন্তত ১৬শ ২০ বার।

এরই মধ্যে হামাসের ৫শ কিলোমিটার দীর্ঘ টানেল পুরোপুরি ধ্বংস করার অজুহাতে গাজায় আরও হামলা চালানোর ইঙ্গিত দিলেন ইসাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ৫০০ কিলোমিটার দীর্ঘ টানেলের মধ্যে প্রায় ১৫০ কিলোমিটার ভেঙে ফেলেছি। আমাদের কাজটি সম্পন্ন করতে হবে।’

এতকিছুর পরও নিশ্চুপ ট্রাম্প। বোর্ড অব পিসের মাধ্যমে কেবল শান্তি নিশ্চিতের আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি। এবার বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলোর গাজা পুনর্গঠনে ৫শ কোটি ডলারের বেশি সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এএম