কিয়েভ-মস্কোর শান্তিচুক্তিতে আসা উচিত— মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে হামলা অব্যাহত রাশিয়ার

ভলোদিমির জেলেনস্কি  ও ডোনাল্ড ট্রাম্প
ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

কিয়েভের সঙ্গে মস্কোর শান্তিচুক্তিতে আসা উচিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দু’দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) মধ্যরাতে ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের একটি শহরে রুশ বাহিনীর রাতভর হামলায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও সাতজন।

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ সাতটি ধনী দেশের জোট জি-৭’র তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন জুড়ে যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তির পাশাপাশি গুরুত্ব পেয়েছে ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধাবস্থাও। আর এই ইস্যু নিয়ে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাইড লাইন বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অবশ্য তাদের মধ্যে হওয়া বৈঠকটি বেশ ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে রাশিয়ার আসা উচিত। এমনকি দু’দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে যথাসাধ্য চেষ্টা করবেন বলেও জানালেন তিনি।

আর ট্রাম্পের এমন ইতিবাচক মন্তব্যকে স্বাগত জানিয়েছে জি সেভেনের শীর্ষ নেতারা। তা সত্ত্বেও ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলে একটি শহরে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এতে হতাহত হয়েছে অনেকেই।

আরও পড়ুন:

এদিকে ইউক্রেনের জেলেনস্কি বলেছেন, জি-৭ নেতারা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেছেন। সম্মেলনে ইউরোপীয় নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ইউক্রেন কৌশল পুনর্বিবেচনা করতে চাপ দেয়ার আশা করছেন জেলেনস্কি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘সকলেই বিশ্বাস করে, যেকোনো মূল্যে যুদ্ধটি বন্ধ করতে হবে। এটা যৌক্তিক। তবে রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ বন্ধে কোনো ইচ্ছা তারা দেখতে পাচ্ছে না। রাশিয়া যুদ্ধ নিয়ে খেলছে। মূলত পুতিন এই যুদ্ধ শেষ করতে চান না। তাই এটি বন্ধে তাকে বাধ্য করতে হবে।’

তবে শীতে আসার আগেই রাশিয়ার সঙ্গে মার্কিন মধ্যস্থতায় আলোচনা আয়োজন করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। এদিকে মস্কো-কিয়েভের যুদ্ধাবস্থা ছাড়াও ট্রাম্পকে উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ কূটনীতিতে নেতৃত্ব দিতে অনুরোধ করেছেন দক্ষিণ কোরিয়ার লি জে মিয়ং।

আরও পড়ুন:

এমনকি মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানে ট্রাম্প যেভাবে ভূমিকা রেখেছেন, একইভাবে তিনি যেন উত্তর কোরিয়া ইস্যুতেও নেতৃত্ব দেন বলেও মন্তব্য করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

এরইমধ্যে সম্মেলনে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

এদিকে আজই শেষ হতে যাচ্ছে জি-সেভেন শীর্ষ নেতাদের তিন দিনের এই সম্মেলনে। জানা গেছে, তৃতীয় দিনের এই মূল আলোচনা জুড়ে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে তৈরি হওয়া নানামুখী নিরাপত্তা ঝুঁকি বিষয়টি।

পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জন্য চীনের ওপর নির্ভরতা কমাতে এক বিবৃতিতে সম্মত হতে জি-৭ নেতাদের প্রতি আহ্বান জানানো হবে।

এসএস