শপথ গ্রহণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সিটি অব জয়’ কলকাতায় স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের জন্য এটি এক ঐতিহাসিক ভোর। দূরদর্শী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে স্বাগত জানানো আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।’
তিনি আরও লেখেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের মাধ্যমে পূর্বসূরিদের স্বপ্ন পূরণ হচ্ছে। কয়েক দশকের দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ (শনিবার, ৯ মে) থেকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির ‘ডাবল ইঞ্জিন’ যুগের সূচনা হলো। শুভেন্দুর ভাষায়, ‘সোনার বাংলা’ যুগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর এই দিনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনডিএ জোটের শীর্ষ নেতারা। গত শুক্রবার শুভেন্দু অধিকারীকে বিজেপি সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেন অমিত শাহ। এবারের নির্বাচনে ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে আসেন শুভেন্দু।
২০২৬ সালের এই বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে টানা দেড় দশক ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ৮০-তে নেমে এসেছে।





