এশিয়ান পেইন্টস’র সহযোগিতায় স্থাপত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলো আইএবি অ্যাওয়ার্ডস

স্থাপত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলো আইএবি অ্যাওয়ার্ডস
স্থাপত্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলো আইএবি অ্যাওয়ার্ডস | ছবি: সংগৃহীত
0

দেশের স্থাপত্যশিল্প, নান্দনিকতা ও সৃজনশীলতায় অনন্য অবদানের স্বীকৃতি দিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫’। স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন, গবেষণা ও উদ্ভাবনে অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এ অনুষ্ঠানে তুলে ধরা হয় দেশের স্থাপত্যশিল্পের সম্ভাবনা ও উৎকর্ষের চিত্র। ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এবং এক্সক্লুসিভ পার্টনার এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট স্থপতি, ডিজাইন পেশাজীবী, গবেষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫, আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৫ এবং আইএবি থিসিস অ্যাওয়ার্ডস ২০২৫-এর আওতায় বিভিন্ন বিভাগে মোট ১০টি পুরস্কার ও ১০টি বিশেষ স্বীকৃতি (কমেন্ডেশন) দেয়া হয়। তবে এবছর আইএবি গোল্ড মেডেল প্রদান করা হয়নি। স্থাপত্য পেশায় আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া এ পদকটি আইএবি-এর সর্বোচ্চ সম্মাননা।

স্থাপত্য বিভাগে একক আবাসিক ভবন (ইন্ডিভিজুয়াল ডুয়েলিং) ক্যাটাগরিতে আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫ পেয়েছে ডিডব্লিউএম৪ আর্কিটেক্টসের প্রকল্প ‘রিয়াজ রেসিডেন্স’। প্রকল্পটির নকশা করেছেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, স্থপতি শাওকি শামীম ও স্থপতি মো. ওবায়দুর রহমান রাজীব। স্থাপত্য নকশায় সৃজনশীলতা, উদ্ভাবন ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়।

গবেষণা ও প্রকাশনা বিভাগে ‘ইনফ্লুয়েন্স অব প্রিলিমিনারি আর্কিটেকচারাল ডিজাইন ডিসিশনস অন ইলেকট্রিসিটি কনজাম্পশন অব রেসিডেনশিয়াল বিল্ডিংস ইন ঢাকা’ শীর্ষক গবেষণার জন্য পুরস্কার পেয়েছেন স্থপতি মো. আশিকুর রহমান জোয়ার্দার। প্রকাশনা (বই) ক্যাটাগরিতে ‘সিটি অব ডিজায়ার’ বইয়ের জন্য পুরস্কৃত হয়েছেন স্থপতি তানজিল শফিক।

অন্যদিকে প্রকাশনা (প্রবন্ধ) ক্যাটাগরিতে ‘অপটিমাইজিং ডেলাইট অ্যাভেইলেবিলিটি অ্যান্ড এনার্জি পারফরম্যান্স থ্রু স্কাইলাইট অ্যান্ড অ্যাট্রিয়াম ডিজাইন ইন আ কালচারাল ইনস্টিটিউশন: আ কেস স্টাডি টুওয়ার্ডস অ্যাচিভিং নেট জিরো এনার্জি বিল্ডিংস ইন ঢাকা’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য পুরস্কার পেয়েছেন স্থপতি কাজী ফাহিমা নাজ, মো. আশিকুর রহমান জোয়ার্দার, স্থপতি সুব্রত চন্দ্র শিকদার ও স্থপতি সাজিয়া শোয়েব। স্থাপত্য বিষয়ে গবেষণা, জ্ঞানচর্চা ও প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এ স্বীকৃতি দেয়া হয়।

ইন্টেরিয়র ডিজাইন বিভাগে আবাসিক (রেসিডেনশিয়াল) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে জুবায়ের হাসান আর্কিটেক্টসের প্রকল্প ‘কবিতা কুঞ্জ’। প্রকল্পটির নকশা করেছেন স্থপতি মো. জুবায়ের হাসান, স্থপতি তাহমিদা আফরোজ, স্থপতি মো. ফাহাদ বিন মোস্তাফিজ, স্থপতি হোসনি মোবারক, স্থপতি সুরভী রানী সূত্রধর, স্থপতি এইচ এম রোমানুর রহমান ও স্থপতি শেখ সাকিব রহমান।

অন্যদিকে ফ্রেমওয়ার্কের ‘স্যার ফজলে হাসান আবেদ নলেজ হাব’ প্রকল্পটি কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং ফার্নিচার ডিজাইন-এ দু’টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। প্রকল্পটির নকশা করেছেন স্থপতি মো. ফয়সাল কবির ও স্থপতি অনুপ কুমার বসাক। ইন্টেরিয়র ডিজাইনে সৃজনশীলতা, ব্যবহারিক সুবিধা ও উদ্ভাবনী নকশার স্বীকৃতি হিসেবে এসব পুরস্কার দেয়া হয়।

আইএবি থিসিস অ্যাওয়ার্ডস ২০২৫-এ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মো. শাফায়েত বিন আলম তার ‘প্যালিম্পসেস্ট অব প্লে অ্যান্ড পেডাগজি: ডিজাইনিং আ চাইল্ড-সেন্ট্রিক মাদ্রাসা থ্রু সিমপ্যাথেটিক রি-ইউজ অব বড় কাটরা’ শীর্ষক থিসিসের জন্য প্রথম স্থান অর্জন করেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাবিলা নুসরাত ‘রিক্লেইমিং দ্য মার্জিনস: ডিজাইনিং ইনক্লুসিভ হাউজিং ফর দ্য হরিজন কমিউনিটি’ শীর্ষক থিসিসের জন্য দ্বিতীয় স্থান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আজমাইন আরমিন প্রীতু ‘ফ্রম ঈদ টু এভরিডে: রিইমাজিনিং ধানমন্ডি শাহী ঈদগাহ অ্যাজ আ লিভিং মনুমেন্ট’ শীর্ষক থিসিসের জন্য তৃতীয় স্থান অর্জন করেছেন। স্থাপত্যশিক্ষায় সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার সম্ভাবনাকে উৎসাহিত করতে এ পুরস্কার দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের পাশাপাশি চারটি বিভাগে আরও বেশ কয়েকটি স্থাপত্য প্রকল্প, গবেষণা ও একাডেমিক কাজকে বিশেষ স্বীকৃতি (কমেন্ডেশন) দেয়া হয়। স্থাপত্য নকশা, গবেষণা, ইন্টেরিয়র ডিজাইন ও শিক্ষায় অবদানের জন্য এসব স্বীকৃতি দেয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইএবি-এর ভাইস প্রেসিডেন্ট (ন্যাশনাল অ্যাফেয়ার্স) স্থপতি নওয়াজিশ মাহবুব। এরপর বক্তব্য দেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর খান সালাহউদ্দিন মোহাম্মদ মিনহাজ। আইএবি-এর অ্যাওয়ার্ডস ডিরেক্টর অধ্যাপক ড. স্থপতি মো. নওরোজ ফাতেমি স্থাপত্য নকশায় উৎকর্ষ, উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে এ পুরস্কারের গুরুত্ব তুলে ধরেন।

আইএবি-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. স্থপতি আবু সাঈদ এম আহমেদ এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. স্থপতি মাসুদ উর রশীদ বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এ সময় পুরস্কারের জন্য প্রকল্প মূল্যায়ন ও বিজয়ী নির্বাচনে অবদান রাখায় বিচারকমণ্ডলী এবং অ্যাওয়ার্ডস কমিটির সদস্যদেরও সম্মাননা জানানো হয়।

বাংলাদেশের স্বাধীনতার পরপরই প্রতিষ্ঠিত হয় ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)। এটি দেশের স্থপতিদের জাতীয় পেশাজীবী সংগঠন, যার সদস্যসংখ্যা প্রায় ৮ হাজার ৩০০। গত পাঁচ দশকে দেশের স্থাপত্য পেশার পরিধি ভবনের নকশা তৈরির পাশাপাশি নগর পরিকল্পনা ও নকশা, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, ঐতিহ্য সংরক্ষণ, ইন্টেরিয়র ডিজাইনসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।

আইএবি অ্যাওয়ার্ডস ২০২৫-এর এক্সক্লুসিভ পার্টনার হিসেবে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড স্থাপত্যে সৃজনশীলতা, উদ্ভাবন ও নকশার উৎকর্ষকে উৎসাহিত করতে কাজ করছে। এ অংশীদারত্বের মাধ্যমে টেকসই, ব্যবহার উপযোগী ও নান্দনিক স্থাপনা তৈরিতে স্থপতিদের অবদানকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন আইএবি-এর জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. স্থপতি মাসুদ উর রশীদ। পরে অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

এসএস