মঙ্গলবার পূজা-অর্চনার জন্য ভক্তদের বিশাল সমাগম ঘটে বিহারের নালন্দা জেলার শীতলা মাতা মন্দিরে। চৈত্র মাসের শেষ মঙ্গলবার বিশেষ প্রার্থনায় অংশ নেন শত শত পূণ্যার্থী। বিভিন্ন রাজ্য থেকে ছুটে আসেন অনেকে।
প্রচণ্ড ভিড়ের মধ্যে হুট শুরু হয় হুড়োহুড়ি। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে দিক্বিদিক ছুটতে থাকে মন্দিরে আসা পূণ্যার্থীরা। এসময় পদদলিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সকাল থেকেই ভিড় শুরু হলেও, মন্দির প্রাঙ্গণে ছিল না পুলিশের উপস্থিতি।
পূণ্যার্থীদের মধ্যে একজন বলেন, ‘ভিড়ের মধ্যে সবাই একজন আরেকজনের আগে মন্দিরে পূজার জন্য ধাক্কাধাক্কি করছিল। এখানে প্রশাসনের কোনো লোক ছিল না।’
আরও পড়ুন:
অন্য একজন বলেন, ‘প্রতি মঙ্গলবারই এ মন্দিরে ভিড় হয়। তবে এবার ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ ছিল না।’
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূণ্যার্থীদের অভিযোগ, যথা সময়ে অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে আসেনি। এছাড়া হট্টগোলের কারণে আহতদের হাসপাতালে নিতেও অনেক দেরি হয়েছে।
পূণ্যার্থীদের মধ্যে একজন বলেন, ‘আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করছিলাম। তবে সময়মতো ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও আসেনি। জরুরি অবস্থায়ও এখানে অ্যাম্বুলেন্স সঠিক সময়ে আসেনি।’
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন:
নরেন্দ্র মোদি বলেন, ‘বিহারের নালন্দা জেলার মন্দিরের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার রূপি করে অনুদান দেয়া হয়েছে।’
এদিকে এক বিবৃতিতে শোক জানিয়েছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রিয়জন হারানো পরিবারের পাশে দাঁড়িয়ে ছয় লাখ রুপি করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শোক জানিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও। আহতদের যথাযথ চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিহার রাজ্য সরকার।
মন্দির চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্দিরে আকস্মিক প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা নালন্দা জেলায়। এরইমধ্যে ঘটনা তদন্তে নেমেছে প্রশাসন।





