রোববার তেহরান সরকারের ঘনিষ্ঠ বার্তা সংস্থা মেহর নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইরাকের বালিসান এলাকায় ইরানবিরোধী কুর্দি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কোমালার সদর দপ্তর লক্ষ্য করে রাতে ড্রোন অভিযান চালায় আইআরজিসির স্থলবাহিনী। তাদের দাবি, আগাম সতর্কতামূলক সামরিক পদক্ষেপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরাকে অবস্থানরত একাধিক কুর্দি রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে তেহরান। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানের ভেতরেও সংখ্যালঘু কুর্দি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে দমন-পীড়নের শিকার হয়ে আসছে। গত কয়েক বছর ধরে ইরাকের অভ্যন্তরে কুর্দিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নিয়মিত আক্রমণ চালাচ্ছে আইআরজিসি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির পর এই সীমান্ত এলাকায় সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে।
কুর্দিরা মূলত ইরাক, ইরান, সিরিয়া ও তুরস্কে ছড়িয়ে থাকা একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, যাদের মোট জনসংখ্যা প্রায় তিন কোটি। নিজেদের একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে কয়েক দশক ধরে লড়াই করে আসছে তারা। ২০০৩ সালে সাদ্দাম হোসেন সরকারের পতনের পর থেকে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিরা একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পরিচালনা করে আসছে।





