ট্রাম্পের প্রত্যাখ্যানেও অনড় তেহরান; পরমাণু কর্মসূচিতে ছাড় না দেয়ার ঘোষণা

তেহরানের একটি ব্যস্ত সড়ক
তেহরানের একটি ব্যস্ত সড়ক | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি করলেও কেবল আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের ওপর জোর দিয়েছে ইরান। আজ (রোববার, ২৬ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, শর্ত পূরণ এবং আলোচনার মাধ্যমেই কেবল কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর পদক্ষেপ নেয়া সম্ভব। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আব্বাস আরাঘচি বলেন, ‘আমাদের শর্তগুলো স্পষ্ট। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার যেকোনো পদক্ষেপ এসব শর্ত পূরণের ওপর নির্ভর করছে। কেবল আলোচনার মাধ্যমে পৌঁছানো সমাধানই এই অচলাবস্থা থেকে বের করে আনতে পারে।’

জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাতারভিত্তিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছিল ইরান। তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধ পরিস্থিতিতে ইরান কোণঠাসা হয়ে পড়াতেই হরমুজ প্রণালি খোলার চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে।

ট্রাম্পের এই মন্তব্যের পরও মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের অফিশিয়াল প্রত্যাখ্যান বার্তা পাননি বলে জানিয়েছেন আরাঘচি। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছে তেহরান। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এই প্রস্তাব নাকচ করেছেন এবং আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে পুনরায় বোমাবর্ষণ শুরু হতে পারে।

এদিকে চুক্তি হলেও পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো ধরনের নমনীয়তা না দেখানোর স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা বা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে ইরান কোনো ছাড় দেবে না।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তার দেশ আলোচনার জন্য প্রস্তুত থাকলেও কোনো ধরনের চাপ বা জবরদস্তি মেনে নেবে না। ইরান যুদ্ধ চায় না, তবে যেকোনো হুমকির মুখে নিজেদের রক্ষা করবে।

এএম