পাল্টাপাল্টি শুল্কারোপ, কানাডার একগুচ্ছ পণ্যে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি | ছবি: বিবিসি
0

যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পরপরই দেশটি থেকে মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একগুচ্ছ পণ্যের আমদানিতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। আজ মঙ্গলবার কয়েক দফায় জারি করা নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বৈষম্যমূলক’ আচরণ করছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

আমদানি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বিভিন্ন ধরনের ওয়াইন, রুম, ভদকা, দুগ্ধজাত উপাদান, অ্যালকোহলমুক্ত বিয়ার ও মোটরসাইকেল। এছাড়া অ্যালুমিনিয়াম, লোহা, পনির, মোটরবোট ও আসবাবপত্রসহ বেশ কিছু পণ্যে অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হয়েছে। এর আগে ডেনমার্ক ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর ঐতিহাসিক মিত্র কানাডার সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা বাণিজ্যযুদ্ধ নতুন মাত্রায় পৌঁছাল।

এর আগে ওয়াশিংটন প্রায় ২ হাজার কোটি ডলারের কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। জবাবে কানাডাও ইস্পাত, তৈরি পোশাক ও আসবাবপত্রসহ সমপরিমাণ মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে, যা আজ মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক ভিডিও বার্তায় বলেন, সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নেয়ার একটি মূল্য রয়েছে। তবে নিশ্চুপ বসে থাকার চেয়ে পদক্ষেপ নেয়ার সময় এসে গেছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে সীমান্তসংলগ্ন এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে এবং দুদেশের পণ্যের দাম আরও বেড়ে যাবে।

এএম