নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি গত বুধবার জানান, এই সিদ্ধান্তের ফলে শহরের ক্লাসরুমগুলোয় বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০টি শিক্ষাবিষয়ক এআই টুলের ব্যবহার স্থগিত থাকবে। এই নীতির আওতায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া প্রায় ৬ লাখ শিক্ষার্থী এআই ব্যবহার করতে পারবে না। তবে হাইস্কুলের শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারের সুযোগ পাবে। পাশাপাশি শিক্ষকরা তাদের পাঠ পরিকল্পনা ও অন্যান্য দাপ্তরিক কাজে এআই ব্যবহার করতে পারবেন।
সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি বলেন, ‘শেখা ও বেড়ে ওঠার জন্য শিশুদের শিক্ষক ও মানবিক যোগাযোগের প্রয়োজন। বন্ধুদের সঙ্গে দক্ষতা বাড়ানো, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং কঠিন সমস্যার সমাধান তাদের নিজেদেরই শিখতে হবে।’
এর আগে ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পরপরই নিউ ইয়র্কের পাবলিক স্কুলগুলোয় সাময়িকভাবে তা নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওপেনএআই ও মাইক্রোসফটের সহায়তায় তৈরি বিশেষ এআই সহকারী শিক্ষকদের ব্যবহারের সুযোগ দেয়া হয়। তবে নতুন এই নিষেধাজ্ঞা নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি গুগল, অ্যানথ্রোপিক কিংবা মাইক্রোসফট।





