নেপালে বন্যায় ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ; যেকোনো সহায়তার আশ্বাস ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

নেপালের রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ৯০ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। এ অবস্থায় নেপালকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নাগরিকেরা সেখানে নিরাপদে আছেন কি না, তা নিশ্চিতে কাজ শুরু করেছে দেশটির প্রশাসন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রসুয়া জেলায় বন্যার ক্ষয়ক্ষতিকে নজিরবিহীন উল্লেখ করে ট্রাম্প বলেন, শক্তিশালী দালানকোঠাগুলো সেখানে কাদা ও পানির তোড়ে খড়কুটোর মতো ভেসে গেছে। নেপালি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নেপালে ফোন করেছি এবং তাদের প্রয়োজনীয় যেকোনো সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছি। নেপালের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। সেখানে কাদা আর পানির এমন এক ধ্বংসাত্মক মিশ্রণ তৈরি হয়েছে, যা কেউ আগে দেখেনি। অত্যন্ত শক্তিশালী ও সুউন্নত ভবনগুলো টুথপিকের মতো ধূলিসাৎ হয়ে গেছে।’

আক্রান্ত এলাকায় ৫০ থেকে ৬০ জন মার্কিন নাগরিক থাকতে পারেন বলে ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেন। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী নিখোঁজ মার্কিন নাগরিকের সংখ্যা ৯০।

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘আমরা আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। তবে প্রেসিডেন্ট ও স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর কাছে প্রথম অগ্রাধিকার সব সময় আমেরিকানরাই। যত বেশি সম্ভব মার্কিন নাগরিককে উদ্ধার করার ওপর আমরা জোর দিচ্ছি এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য ওই অঞ্চলে একজন দুর্যোগ প্রতিক্রিয়া উপদেষ্টা পাঠিয়েছে। এ ছাড়া ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের মাধ্যমে জরুরি আশ্রয় ও বিশুদ্ধ পানির সংস্থানে ৫ লাখ ডলারের সহায়তা ঘোষণা করেছে ওয়াশিংটন। কাঠমান্ডুর মার্কিন দূতাবাস দুর্গত এলাকায় মার্কিন নাগরিকদের অবস্থান শনাক্ত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রসুয়া জেলায় ভোটেকোশি নদীর আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯। এখনো নিখোঁজ রয়েছেন ৯৭৭ জন, যাদের মধ্যে ৫১৭ জনই বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ১২৭ জন প্রবাসি নেপালি নাগরিকও রয়েছেন যারা নিজ দেশে বেড়াতে এসেছিলেন।

এএম