এনসিএমের দৈনিক পূর্বাভাসে বলা হয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার কিছু অংশে মাঝারি থেকে ভারী বজ্রঝড় হতে পারে। বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এ সময় শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে, যা ধুলা ও বালু উড়াতে পারে।
মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট দেয়া হয়েছে। মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট আছে। আর মক্কার রাবিগ, জেদ্দা, আল খুরমা ও কাছাকাছি এলাকায় হালকা বৃষ্টি ও ধুলাঝড়ের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।
এনসিএম জানিয়েছে, নর্দার্ন বর্ডারস প্রদেশ ও জাজানের কিছু অংশে, পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণাঞ্চল ও রিয়াদ অঞ্চলের কিছু এলাকায় সক্রিয় বাতাসসহ বজ্রঘন মেঘ তৈরি হতে পারে।
পূর্ব সৌদি আরবের উপকূলীয় এলাকাগুলোতে রাত ও ভোরে কুয়াশা পড়তে পারে, এতে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা আছে।
একই সঙ্গে দেশটির বড় অংশে তাপমাত্রা বেশি থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এনসিএমের মতে, মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এরপর দাম্মামে ৪৬ ডিগ্রি। রিয়াদ ও বুরাইদাহতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।





