মস্কো-পিয়ংইয়ং সম্পর্ক ‘নজিরবিহীন উচ্চতায়’, দাবি পুতিনের

কিম জং উন ও ভ্লাদিমির পুতিন
কিম জং উন ও ভ্লাদিমির পুতিন | ছবি: সংগৃহীত
0

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়া ও উত্তর কোরিয়া সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোরিয়ার মুক্তি দিবসের ৮১তম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় আজ (শনিবার, ১৫ আগস্ট) পুতিন বলেন, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্ক ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারত্বের এক নজিরবিহীন উচ্চতায়’ পৌঁছেছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্রেমলিনের প্রকাশিত ওই টেলিগ্রামে পুতিন বলেন, ‘আমাদের দুই দেশ সব ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে।’ তিনি আশা প্রকাশ করেন, ‘রাশিয়া ও কোরিয়ার জনগণের কল্যাণে এবং আরও ন্যায়সঙ্গত ও সত্যিকারের গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা গড়ার স্বার্থে’ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যৌথ কাজ অব্যাহত থাকবে।

২০২৪ সালের জুনে সর্বাত্মক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পর গত দুই বছরে মস্কো ও পিয়ংইয়ং তাদের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় এবং কোরীয় উপদ্বীপের ওপর জাপানের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনের অবসানকে স্মরণ করে এই দিবস পালন করা হয়। এই দিনটি দক্ষিণ কোরিয়াতেও পালিত হয়।

এএম