টাইফুন ‘ডলফিন’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপানের ওকিনাওয়া; সতর্ক চীন

নাহায় টাইফুন ডলফিনের প্রভাবে দুলছে গাছ
নাহায় টাইফুন ডলফিনের প্রভাবে দুলছে গাছ | ছবি: রয়টার্স
0

শক্তিশালী টাইফুন ‘ডলফিন’-এর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রদেশ। শনিবারের এই ঝড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন এবং ৫০ হাজারেরও বেশি ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। চীনের পূর্ব উপকূলে টাইফুনটি আঘাত হানার আশঙ্কায় বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে এবং ফেরি চলাচলও স্থগিত করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, ওকিনাওয়ায় পাঁচজন বয়স্ক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন প্রবল বাতাসের কারণে পড়ে গিয়ে আঘাত পান। পাশের কাগোশিমা প্রদেশে আরও একজন আহত হয়েছেন। কাগোশিমায় প্রায় ৩৯ হাজার এবং ওকিনাওয়ায় ১২ হাজারের বেশি ভবন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জাপানের দুই বৃহৎ বিমান পরিবহন সংস্থা এএনএ এবং জাপান এয়ারলাইনস ওকিনাওয়ার সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে। টাইফুনটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি উঠেছে ২১৬ কিলোমিটার পর্যন্ত।

রোববার রাত থেকে সোমবার সকালের মধ্যে টাইফুন ডলফিন চীনের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে দেশটির কর্তৃপক্ষ ‘অরেঞ্জ ক্যাটাগরি’ বা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে। বন্যা ও ভূমিধসের ঝুঁকি বিবেচনায় জরুরি সাড়াদানের মাত্রা বাড়িয়ে তৃতীয় স্তরে উন্নীত করা হয়েছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ঝেজিয়াং প্রদেশের ঝউশান শহর ও ফুজিয়ান প্রদেশের ফুদিং শহরের মাঝামাঝি এলাকায় এটি আঘাত হানতে পারে, যেখানে বাতাসের গতিবেগ থাকতে পারে সেকেন্ডে ৩৮ থেকে ৪৫ মিটার।

আগামী ১২ আগস্ট পর্যন্ত সাংহাইসহ পূর্ব চীনের কিছু অংশে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের প্রভাব থাকতে পারে। কিছু এলাকায় ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। ঝেজিয়াং প্রদেশ উপকূলীয় টাইফুন সতর্কবার্তা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মৎস্যজীবীদের নৌকা নিয়ে বন্দরে ফেরার নির্দেশ দেয়া হয়েছে এবং কিছু নির্মাণকাজও স্থগিত রয়েছে। ঝেজিয়াংয়ের নিংবো লিশে আন্তর্জাতিক বিমানবন্দর রোববারের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। সাংহাইয়ের ইয়াংশান বন্দর থেকে শুক্রবার রাতেই সব জাহাজ সরিয়ে নেয়া হয়েছে।

তাইওয়ানে টাইফুনের কারণে ৭৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার বেশিরভাগই আন্তর্জাতিক। এদিকে টাইফুনের কারণ দেখিয়ে চীন নির্দেশনা দিয়েছে, তাইওয়ান প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে অবশ্যই তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ নির্দেশ মানতে হবে। তবে তাইপে এই নির্দেশকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। তাইওয়ানের দাবি, আন্তর্জাতিক জলসীমায় প্রবেশাধিকার সীমিত করার কোনো অধিকার বেইজিংয়ের নেই।

এএম