রাশিয়ায় ইউক্রেনের পাল্টা হামলা দাবি জেলেনস্কির

খার্তিয়া ব্রিগেডের এক ইউক্রেনীয় সেনা স্থলভিত্তিক ড্রোন নিয়ন্ত্রণ করছেন
খার্তিয়া ব্রিগেডের এক ইউক্রেনীয় সেনা স্থলভিত্তিক ড্রোন নিয়ন্ত্রণ করছেন | ছবি: সংগৃহীত
0

ইউক্রেন সোমবার ভোরে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং একাধিক ভবনে আগুন লেগেছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশের বাহিনী পশ্চিমাঞ্চলীয় রস্তভ অঞ্চলের একটি রপ্তানি টার্মিনাল এবং ফ্রন্টলাইন থেকে অনেক দূরে ইয়ারোস্লাভল ও উদমুর্তিয়া অঞ্চলের তেল স্থাপনায় হামলা চালিয়েছে।

ফেসবুকে দেয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘গত রাতে আমাদের দূরপাল্লার হামলা রস্তভ অঞ্চলে কার্যকর হয়েছে। ফ্রন্টলাইন থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে একটি রপ্তানি টার্মিনালে আঘাত হানা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইয়ারোস্লাভল অঞ্চল ও ইউক্রেনের রাষ্ট্রসীমা থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দূরের উদমুর্ত প্রজাতন্ত্রের তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু ছিল।’

তবে রস্তভ, ইয়ারোস্লাভল ও উদমুর্তিয়া অঞ্চলের গভর্নররা রাতের ড্রোন হামলার কথা জানালেও তেল স্থাপনায় ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেননি।

রস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানান, রস্তভ-অন-ডনে এক দম্পতি নিহত হয়েছেন। পরে তিনি জানান, হামলায় গুদামঘরে আগুন লাগে এবং একটি গৃহহীন আশ্রয়কেন্দ্রসহ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন। সেখানে একটি আবাসিক ভবনেও আগুন লাগে বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৭৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। কিয়েভের আশা, এতে মস্কোর ওপর আলোচনায় বসার চাপ বাড়বে।

অন্যদিকে, জাতিসংঘ জানিয়েছে, গত মাসে ইউক্রেনে বেসামরিক প্রাণহানি ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই সময় রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে দূরপাল্লার হামলা জোরদার করে।

সোমবার ভোরে ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৮৮ বছর বয়সী এক নারী শরীরের বড় অংশে দগ্ধ হয়েছেন বলে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।

এএম