স্বৈরাচারের দোসরদের বিচারের ক্ষেত্রে কোনো আপস চলবে না: নাহিদ ইসলাম

কথা বলেছেন নাহিদ ইসলাম
কথা বলেছেন নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

স্বৈরাচারের দোসরদের বিচারের ক্ষেত্রে কোনো আপস চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসময় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আজ (সোমবার, ২৭ জুলাই) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে ‘জুলাই রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সরকার ও বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ। এরশাদবিরোধী আন্দোলনের পর এরশাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের দৃষ্টান্ত রয়েছে। আর একই নীতি সবার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে।’

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা যারা সেসময় ছাত্র রাজনীতি করতাম, আমাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আমরা দেখতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বারবার সফল হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ভিসির পদত্যাগ করাতে পারিনি। জাহাঙ্গীরনগর পারতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক চেষ্টা হয়েছে। কিন্তু কোনো ভিসিকে পদত্যাগ করাতে পারেনি। বিগত সতেরো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ক্যাম্পাস হিসেবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা রাখে।’

জুলাইয়ে জাহাঙ্গীরনগরের অবদান নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে। এখনকার একজন শিক্ষক বলেছিলেন, এ মৃত্যু উপত্যকা আমার দেশ না। এটা গোটা দেশকে আন্দোলিত করেছে। সাভারের ছাত্রশ্রমিক জনতাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ করেছে।’

এ সময় শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ‘‘ব্রয়লার মুরগি” বলার ঘটনায় শুধু ক্ষমা চাইলেই দায় শেষ হয় না। অন্য দেশে এমন মন্তব্যের জন্য মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আল আমিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

জেআর