২০২৩ সালের শুরুর দিকে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালে বিজেপি নেতা যোশী এই মন্তব্য করেছিলেন। সে সময় কর্ণাটকে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে। কংগ্রেসের ‘প্রজা ধ্বনি যাত্রা’ কর্মসূচির সময় দেয়া সেই প্রতিশ্রুতির পাল্টা আক্রমণ করতে গিয়েই যোশী এমন দাবি করেন।
জনসভায় যোশী কংগ্রেসের ফ্রি বিদ্যুৎ দেয়ার ঘোষণার বিদ্রূপ করে বলেন, ‘এখন কংগ্রেস দল বলছে তারা বিনামূল্যে বিদ্যুৎ দেবে। আপনারা কি বিশ্বাস করেন তারা সত্যিই ফ্রি বিদ্যুৎ দিতে পারবে? তাদের জমানায় তো গ্রামগঞ্জে এক ফোঁটাও বিদ্যুৎ থাকতো না। মোদী সরকার ক্ষমতায় আসার পরই কেবল ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।’ এরপর কংগ্রেসকে সরাসরি বিদ্রূপ করে তিনি আরও বলেন, ‘যেহেতু তারা (কংগ্রেস) অতীতে খুব কম বিদ্যুৎ সরবরাহ করত, তাই আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে!’
ভিডিওটি সেই সময় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিলেও সম্প্রতি প্রহ্লাদ যোশী ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তা পুনরায় সামনে এসেছে। ভারতের শিক্ষা ব্যবস্থা যখন নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন নতুন মন্ত্রীর এমন পুরোনো মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।





