এর এক দিন আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। এতে চলমান সংঘাত নতুন মাত্রা পাওয়ার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বাইরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়েও উদ্বেগ বেড়েছে। গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তিচুক্তি কার্যত ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলেও তেহরান ও ওয়াশিংটন আবারও কূটনৈতিক আলোচনায় ফিরতে আগ্রহী এমন ইঙ্গিতের কারণে আন্তর্জাতিক তেলের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
সেন্টকম জানিয়েছে, দক্ষিণ ইরানে সর্বশেষ অভিযানে তারা সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিরাজ শহরসহ দক্ষিণ উপকূলের কোনারাক ও চাবাহার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জবাবে উপসাগরীয় অঞ্চলে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলার ঘটনায় পানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণস্থলে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের আবাসনেও হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, বাহরাইন সরকার বা অ্যামাজন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। রয়টার্সও স্বাধীনভাবে এসব দাবি যাচাই করতে পারেনি। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসি জর্ডানে একটি মার্কিন সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে। জর্ডান জানিয়েছে, তারা ইরানের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত উৎসের ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে জাহাজটির নাবিকেরা সেটি ছেড়ে লাইফবোটে আশ্রয় নেন। এদিকে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, তা স্পষ্ট করেনি তারা।
ইরান আগে থেকেই হুথিদের ওপর চাপ দিচ্ছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে যায়, তাহলে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে। এমনটি হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুই জ্বালানি নৌপথই ঝুঁকির মুখে পড়বে। বাব আল-মান্দেব পুরোপুরি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ কমে যেতে পারে। কারণ, তখন সৌদি আরবের অধিকাংশ তেল রপ্তানি বাধাগ্রস্ত হবে। উপসাগরীয় যুদ্ধের কারণে ইতোমধ্যে বৈশ্বিক তেল সরবরাহ প্রায় ১০ শতাংশ কমেছে।
হুথিদের নৌ অবরোধ ঘোষণার পর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী নিজেদের জাহাজের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে। এদিকে যুদ্ধবিরতি পুনর্বহালের কূটনৈতিক উদ্যোগও চলছে। সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে ১০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব পেয়েছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের অবসানে দীর্ঘমেয়াদি সমঝোতার পথ তৈরির উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সংঘাত নিরসনে পাকিস্তরকে আবারও মধ্যস্থতার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। পরে তিনি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছান। সংঘাতের সর্বশেষ পর্যায়টি যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে প্রাণঘাতী পর্যায়গুলোর একটি হয়ে উঠেছে। সপ্তাহান্তে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সর্বশেষ হামলা যুক্তরাষ্ট্রের নিহত সেনাদের প্রতি সম্মান জানাতেই চালানো হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘প্রতিবার ইরান কোনো মার্কিন সেনাকে হত্যা করলে, তার বহু গুণ মূল্য তাদের দিতে হবে।’ তিনি জানান, এ বিষয়ে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
চলমান যুদ্ধে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরান ও লেবাননে। হিজবুল্লাহর হামলার পরও লেবাননের কিছু এলাকা এখনো ইসরাইলের দখলে রয়েছে। হিজবুল্লাহ বলেছে, তারা তেহরানের প্রতি সংহতি জানিয়ে হামলা চালিয়েছিল। মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরাইলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করার একটি পরিকল্পনা উপস্থাপন করবেন তিনি।





