কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের

কাতারের মার্কিন আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান
কাতারের মার্কিন আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান | ছবি: সংগৃহীত
0

কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। শুক্রবার তারা দাবি করে, এই হামলায় একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং একাধিক মার্কিন আকাশ জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে রাতভর চালানো প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবেই এই হামলা করা হয়েছে।

আইআরজিসির দাবি, তাদের অ্যারোস্পেস ফোর্স আল উদেইদ বিমানঘাঁটিতে ‘আকস্মিক ও শক্তিশালী’ হামলা চালিয়েছে। এতে একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং একাধিক মার্কিন কৌশলগত আকাশ জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এছাড়া অন্যান্য উড়োজাহাজেরও ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির আশ্রয়দাতা দেশগুলো ‘রেড লাইন’ অতিক্রম করা এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার জন্য ‘চড়া মূল্য’ দেবে।

বাহিনীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা অব্যাহত রাখে, তবে আরও ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেয়া হবে। কাতারের কর্তৃপক্ষ ইরানের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

শুক্রবার এর আগে ইরান জানিয়েছিল, একদফা প্রতিশোধমূলক হামলায় তারা কুয়েত, ওমান, সিরিয়া, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এতে বিমানঘাঁটি, রাডার ব্যবস্থা, অস্ত্রাগার ও সামরিক উড়োজাহাজের ক্ষতিসাধনের দাবি করেছে দেশটি।

কুয়েত, জর্ডান ও বাহরাইন জানিয়েছে, তারা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। কাতার জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি আকাশ হামলা রুখে দিয়েছে। তবে প্রতিহতকরণের সময় ধ্বংসাবশেষ পড়ে একটি শিশু আহত হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ অভিযান শুরুর পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। জবাবে তেহরান মার্কিন সামরিক সদস্যদের আশ্রয়দাতা উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করে, যার লক্ষ্য ছিল সংঘাতের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো। তবে সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আবার বেড়েছে এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

এএম