ফার্স নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি বলে, ‘আমাদের জর্ডানের সঙ্গে কোনো বৈরিতা নেই। আমরা ফিলিস্তিনি জনগণের কষ্ট বোঝা জর্ডানের জনগণকে ভালোবাসি।’ তবে তারা অভিযোগ করে, মার্কিন ঘাঁটিগুলো অঞ্চলটিকে অস্থিতিশীল করছে।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের আকাশসীমায় প্রবেশ করা চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া সর্বশেষ দফার হামলা পাঁচ ঘণ্টা ধরে চালানোর পর শেষ করেছে মার্কিন বাহিনী। টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প ইরানি জাহাজ চলাচলে অবরোধ পুনর্বহাল এবং হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহনে ২০ শতাংশ ফি আরোপের প্রস্তাব দেন।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, একাধিক শহরে হামলা হয়েছে এবং অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, ‘আজ রাতে আমরা ইরানকে খুব কঠোরভাবে আঘাত করব, আগামীকালও করব। তারা কিছুই করতে পারবে না।’
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়ার পর থেকেই উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে—ইরান থাক বা না থাক। যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে পরিচিত হবে।’ তিনি প্রণালির নিরাপত্তার বিনিময়ে ২০ শতাংশ ফি আদায়ের কথাও বলেন।
ইরানের যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, এই জলপথের ভবিষ্যৎ নির্ধারণে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে লিখেছেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক ইরান ছিল, আছে এবং থাকবে।’ ট্রাম্পের প্রস্তাবের জবাবে তিনি বলেন, ‘২০ শতাংশ অবশ্যই বেশি। আমরা ন্যায্য হব।’
সংঘাত শুরুর আগে বিশ্বে দৈনিক জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যেত। যুক্তরাষ্ট্র ২০ শতাংশ ফি আরোপ করলে দিনে প্রায় ২৪ কোটি ডলার আয় হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে আন্তর্জাতিক নৌ চলাচলে ব্যবহৃত প্রণালিতে বাধ্যতামূলক ফি আরোপের আইনি ভিত্তি নেই বলে জানিয়েছে জাতিসংঘের নৌ সংস্থা।
মঙ্গলবার তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ওমানের জলসীমায় হরমুজ প্রণালির দক্ষিণ রুট দিয়ে যাওয়ার সময় তাদের দুটি তেলবাহী জাহাজে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউকেএমটিও জানিয়েছে, ওমানের কালহাতের উত্তর-পূর্বে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে। দুটি ঘটনার মধ্যে সম্পর্ক আছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
মার্কিন নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে, মঙ্গলবার রাত ২০০০ জিএমটি থেকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হবে। এতে ইরানের উপকূল ও তেল টার্মিনালসহ সব জাহাজ চলাচল অন্তর্ভুক্ত থাকবে। তবে অ-ইরানি গন্তব্যে নিরপেক্ষ জাহাজ চলাচলে বাধা দেয়া হবে না এবং মানবিক সহায়তা বহনকারী জাহাজ তল্লাশির শর্তে অনুমতি পাবে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সংঘাতে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে।





