দক্ষিণ কোরিয়ার মেগা প্রকল্প: এআই ও চিপ উৎপাদনে ৫৭৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নিজস্ব ধাঁচের এআই ইকোসিস্টেম নির্মাণ, চিপ উৎপাদন ও এআই সক্ষমতা বাড়াতে ৫৭৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বের অন্যতম বড় দুই মেমোরি চিপ প্রস্তুতকারক সংস্থা স্যামসাং এবং এসকে গ্রুপের প্রধানদের সঙ্গে নিয়ে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়াং জানান, এই পরিকল্পনার আওতায় অত্যাধুনিক চিপ উৎপাদন কেন্দ্র, ডেটা সেন্টার ও একটি রোবটিক্স প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র নির্মাণ করা হবে।

তাইওয়ান, চীন ও জাপানের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের চিপ কারখানা এবং অন্যান্য প্রযুক্তি টেক্কা দিতে এআই এবং সেমিকন্ডাক্টর শিল্পে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির এই প্রকল্পের অংশীদার হতে চলেছে বিশ্বের অন্যতম বড় দুই মেমোরি চিপ প্রস্তুতকারক সংস্থা স্যামসাং এবং এসকে গ্রুপ।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, অন্যান্য দেশের চেয়ে দ্রুত আমাদের এআই-এর ব্যবহারকে সুরক্ষিত করতে হবে। সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টারকে অগ্রগতির অন্যতম প্রধান তিন স্তম্ভ বলা যায়। এগুলোকে এক করে জরুরি ভিত্তিতে সরকারি-বেসরকারি খাতে এসবের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে হবে। একটি কোরিয়ান ধাঁচের এআই ইকোসিস্টেম গড়ে তুলতে হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ইতোমধ্যেই ৫৭৬ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগের কথা নিশ্চিত করেন। একটি টেলিভিশন অনুষ্ঠানে এমন পরিকল্পনার কথা জানান লি। এসময় তার সঙ্গে ছিলেন স্যামসাং এবং এসকে গ্রুপের প্রধানরা।

স্যামসাং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান জে ওয়াই লি বলেন, এআই ডেটা সেন্টারগুলোর পাশাপাশি গিয়ংসাং প্রদেশে আমরা রোবটিক্স শিল্পে বড় বিনিয়োগ করছি। স্যামসাং এসডিআই-এর নেক্সট জেনারেশন অল-সলিড-স্টেট ব্যাটারি এবং নবায়নযোগ্য শক্তির জন্য এনার্জি স্টোরেজ সিস্টেমে ব্যবহৃত ব্যাটারির জন্যও বিনিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে। শুধু তাই নয়, আমরা দক্ষিণ গিয়ংসাং প্রদেশে পরবর্তী প্রজন্মের জাহাজ নির্মাণে বিনিয়োগ অব্যাহত রাখব।

আরও পড়ুন:

এই মেগা প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক চিপ উৎপাদন কেন্দ্র, ডেটা সেন্টার ও একটি রোবটিক্স প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র নির্মাণ করা হবে। জে-মিয়ং বলেন, এই পরিকল্পনার লক্ষ্য রাজধানী সিউলের বাইরের অঞ্চলগুলোর অর্থনীতিকে এগিয়ে নেয়া।

দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জং-কোয়ান বলেন, আমরা দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে দ্বিতীয় সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলব। চারটি মেমোরি ফ্যাব স্থাপন প্রকল্পে মোট ৮০০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করা হবে। উৎপাদন ক্ষমতা দ্রুত সম্প্রসারণের জন্য আমরা অনুমোদন থেকে শুরু করে নির্মাণ পর্যন্ত সবকিছুর সময়সীমা ব্যাপকভাবে কমিয়ে আনবো। এর মাধ্যমে আমরা মেমোরি সেমিকন্ডাক্টরের বাজারে অপ্রতিরোধ্য আধিপত্য এবং অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব অর্জন করার চেষ্টা করবো।

সম্প্রতি এআই ডেটা সেন্টারের ব্যাপক প্রসারের ফলে মেমোরি চিপ এবং সেমিকন্ডাক্টরের ঘাটতির পাশাপাশি দাম বেড়েছে। যন্ত্রাংশের খরচ বেড়ে যাওয়ায় কিছুদিন আগেই অ্যাপল ও মাইক্রোসফট তাদের কিছু ডিভাইসের দাম বাড়িয়েছে।

স্যামসাং এবং এসকে গ্রুপ,এআই চিপ জায়ান্ট এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান এআই পরিকাঠামোর ব্যয় বৃদ্ধিতে সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়ে উঠেছে। এসকে হাইনিক্সের শেয়ারের দাম ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। এরকম প্রেক্ষাপটে গুগল, অ্যামাজন ও মেটা-সহ মার্কিন টেক জায়ান্টরা প্রযুক্তি খাতে ৬৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এআই-খাতে এই বিপুল অর্থ ঢালাকে বিনিয়োগকারীরা সাম্প্রতিক সময়ে কিছু শেয়ারের দরপতনের অন্যতম কারণ হিসেবে দায়ী করেছে।

ইএ