ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

হোটেলের কাছে পুড়ে যাওয়া একটি গাড়ি পরিদর্শন করছেন সিরিয়ার নিরাপত্তা সদস্যরা
হোটেলের কাছে পুড়ে যাওয়া একটি গাড়ি পরিদর্শন করছেন সিরিয়ার নিরাপত্তা সদস্যরা | ছবি: সংগৃহীত
0

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের সময় রাজধানী দামেস্কে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ৭ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল (মঙ্গলবার, ৬ জুলাই)এর এই বিস্ফোরণে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৩১ জনের ‘সামান্য আঘাত’ লেগেছে এবং বাকি পাঁচজন ‘স্থিতিশীল অবস্থায়’ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিরিয়ার রাজধানী থেকে আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো জানিয়েছেন, দামেস্কের কেন্দ্রস্থলে পর্যটন মন্ত্রণালয় ও ফোর সিজনস হোটেলের কাছে এই বিস্ফোরণগুলো ঘটে। এর একদিন আগেই ম্যাক্রোঁ ওই হোটেলে রাত্রিযাপন করেছিলেন।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বোমা সড়কের পাশে পার্ক করা একটি গাড়ির ভেতরে রাখা ছিল, দ্বিতীয়টি রাখা হয়েছিল একটি ময়লার কনটেইনারে। মন্ত্রণালয়ের ভাষ্য, বোমা দুটি নিষ্ক্রিয় করার ‘প্রস্তুতি চলাকালেই’ সেগুলো বিস্ফোরিত হয়।

২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর ম্যাক্রোঁই সিরিয়া সফরকারী প্রথম ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্রপ্রধান। ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণের সময় তিনি ইতিমধ্যেই হোটেল ছেড়ে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের উদ্দেশে রওনা হয়েছিলেন এবং বিস্ফোরণের শব্দ শুনতে পাননি।

ম্যাক্রোঁ গতকাল (মঙ্গলবার, ৬ জুলাই) তার সফর অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ‘নিজেদের অস্থিতিশীল হতে দেয়া যাবে না।’ বোমা হামলা সত্ত্বেও সফর অব্যাহত রাখার জন্য ম্যাক্রোঁর ‘সাহসিকতাকে’ অভিবাদন জানিয়েছেন আল-শারা।

তবে আল-শারা যখন এক দশকের বেশি সময়ের সংঘাতের পর দেশটির ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা করছেন, তখন এই হামলাগুলো তার ঐতিহাসিক সফরে ছায়া ফেলেছে। পাঁচ দিন আগে দামেস্কের একটি ক্যাফেতে আলাদা এক হামলায় ১০ জন নিহত হয়েছিলেন।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ম্যাক্রোঁর সফরকে দুই দেশের সম্পর্কের ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। সফরে বেসামরিক বিমান চলাচল, স্বাস্থ্য, ব্যাংকিং, পানি অবকাঠামো ও সড়ক ব্যবস্থাসহ ১৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। আল-শারা বলেন, তিনি ফ্রান্সকে দামেস্কের ‘প্রধান অংশীদার’ হিসেবে দেখতে চান। হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টির পর বিশ্ব পরিবহনে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি জানান। দামেস্কের এই সফর শেষে ম্যাক্রোঁ ও আল-শারা বার্ষিক ন্যাটো সম্মেলনে অংশ নিতে তুরস্কের আঙ্কারায় গেছেন।

এএম