শুক্রবার রুশ সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায়, তাদের বাহিনী কোস্তিয়ানতিনিভকার নিয়ন্ত্রণ নিয়েছে। মস্কো দোনেৎস্ক অঞ্চলে অগ্রাভিযানের মধ্যে দীর্ঘদিন ধরে এই শহরকে লক্ষ্যবস্তু করে আসছিল।
তবে জেলেনস্কি তার এক্স হ্যান্ডলে বলেন, ‘অবশ্যই এটি সত্য নয়। এটি রাশিয়ার আরেকটি মিথ্যাচার এবং এক ধরনের সংবাদ তৈরির চেষ্টা।’ তিনি আরও বলেন, ‘যদি সত্যিই কোস্তিয়ানতিনিভকা রুশ নিয়ন্ত্রণে থাকত, তাহলে হয়তো এই যুদ্ধ শেষ করার কূটনৈতিক পথ খুঁজে বের করতে পুতিনের সেখানে আমার সঙ্গে বৈঠক করতে কোনো সমস্যা হতো না।’
ইউক্রেনের জেনারেল স্টাফও এক বিবৃতিতে জানিয়েছে, কোস্তিয়ানতিনিভকা এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘পূর্বাঞ্চলীয় ইউনিটের ১৯তম আর্মি কোরের সামরিক ইউনিট ও সাব-ইউনিটগুলো শহরটির ভেতরে এবং এর প্রবেশপথে নির্দিষ্ট এলাকায় প্রতিরক্ষামূলক অভিযান অব্যাহত রেখেছে।’
শিল্পসমৃদ্ধ দোনেৎস্ক অঞ্চলকে ধরে রাখতে ইউক্রেনের প্রতিরক্ষা রেখার চারটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে সবচেয়ে দক্ষিণে অবস্থিত কোস্তিয়ানতিনিভকা। বিশ্লেষকরা বলছেন, শহরটি দখল করতে পারলে রুশ বাহিনী উত্তর দিকে প্রতিরক্ষা বলয় ধরে এগিয়ে যাওয়ার একটি ঘাঁটি পেয়ে যাবে, যা এখন তাদের অভিযানের প্রধান কেন্দ্রবিন্দু।
উল্লেখ্য, দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের তথাকথিত ‘দুর্গ বলয়’-এর অন্যতম শক্তিশালী ঘাঁটি এই কোস্তিয়ানতিনিভকা। রুশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল, তারা শহরটির কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।





