জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ করে দিলো সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সুপ্রিম কোর্ট ভবন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সুপ্রিম কোর্ট ভবন | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেয়া ব্যক্তিদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ঐতিহাসিক অধিকার সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রচেষ্টাটিকে আটকে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। আজ (মঙ্গলবার, ৩০ জুন) সকালে এক রায়ে আদালত জানিয়েছে, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনে যে নির্বাহী আদেশ জারি করেছিলেন, তা যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী।

আদালতের ৫-৪ ভোটে বিভক্ত এই রায়ের ফলে ট্রাম্পের ওই আদেশটি অকার্যকর হয়ে পড়েছে। মূলত, ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই ট্রাম্প এই বিতর্কিত নির্বাহী আদেশটি জারি করেছিলেন। এতে বলা হয়েছিল, এখন থেকে কেবল সেইসব শিশুই জন্মসূত্রে নাগরিকত্ব পাবে, যাদের বাবা-মায়ের অন্তত একজন মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা। এর ফলে অভিবাসী বা অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিক হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল।

তবে সুপ্রিম কোর্ট তাদের রায়ে স্পষ্ট করেছে যে, সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী প্রায় যে কারোই জন্মসূত্রে নাগরিক হওয়ার অধিকার রয়েছে। আদালত এই আদেশটিকে সংবিধানের দীর্ঘদিনের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত রক্ষণশীল বিচারপতির সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এই রায়টি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি পরাজয় হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে এটি ট্রাম্পের তৃতীয় বড় পরাজয়। এর আগে ফেব্রুয়ারি মাসে আদালত তার ব্যাপক শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করেছিল এবং সোমবার ফেডারেল রিজার্ভের কর্মকর্তা লিসা কুককে বরখাস্ত করার আদেশেও স্থগিতাদেশ দিয়েছিল। যদিও নিম্ন আদালতগুলো আগেই ট্রাম্পের এই নাগরিকত্ব-সংক্রান্ত আদেশটি আটকে দিয়েছিল, তবে সুপ্রিম কোর্টের এই চূড়ান্ত রায় বিষয়টি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটালো।

এএম