আগামী ৩০ দিন হরমুজ প্রণালি একক নিয়ন্ত্রণে রাখবে ইরান: আরাঘচি

বাগদাদে দ্বিপাক্ষিক বৈঠকে আব্বাস আরাঘচি ও ফুয়াদ হোসেন
বাগদাদে দ্বিপাক্ষিক বৈঠকে আব্বাস আরাঘচি ও ফুয়াদ হোসেন | ছবি: সংগৃহীত
0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি আগামী ৩০ দিন সম্পূর্ণরূপে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। ইরাক সফরকালে বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরাঘচি বলেন, ‘আমি আমার ইরাকি সমকক্ষকে ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সম্পর্কে অবহিত করেছি। আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় থাকবে। সব বাধা দূর হওয়ার পর এই জলপথের পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা হবে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘এই দায়িত্ব এককভাবে ইরানের এবং এখানে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই।’ সমঝোতা স্মারকের আওতায় বিষয়টি অত্যন্ত স্পষ্ট। কোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং প্রণালিটি পুনরায় খুলে দেয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করবে।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে আয়োজিত এই যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি যুদ্ধের সময় সমর্থনের জন্য ইরাকের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার ইরানিদের পাশে ইরাক সবসময়ই ছিল।’

ফুয়াদ হোসেন বলেন, ‘অঞ্চলে এখনো যুদ্ধ ভিন্নরূপে চলছে এবং হরমুজ প্রণালির কিনারে সামরিক সংঘর্ষ ঘটছে। এই যুদ্ধ বন্ধ করা এখন সবার অগ্রাধিকার।’ তিনি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্য উপসাগরীয় দেশসমূহ, ইরাক এবং ইরানকে নিয়ে একটি বৈঠকের আহ্বান জানান। তিনি হরমুজ প্রণালির ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, এই সফরে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু ছাড়াও ইরাকের বিভিন্ন মাজারে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোক অনুষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে।

এএম