নেতানিয়াহু কিছু ক্ষেত্রে ভুল করেছেন; সরাসরি বললেন জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স | ছবি: বিবিসি
0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ‘নিশ্চিতভাবেই কিছু বিষয়ে ভুল করেছেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান ও লেবানন ইস্যু নিয়ে দুই মিত্র দেশের মধ্যে সাম্প্রতিক উত্তজেনার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। সিবিএসয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, নেতানিয়াহু তার দেশের স্বার্থ রক্ষায় অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করেন, যা সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে মেলে না। তিনি কোনো সুনির্দিষ্ট উদাহরণের কথা উল্লেখ না করলেও জানান, ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্রের স্বার্থের জায়গায় যেখানে অমিল দেখা দেবে, সেখানে মার্কিন প্রশাসন নিজ দেশের জনগণের স্বার্থকেই প্রাধান্য দেবে।

সম্প্রতি লেবাননে ইসরাইলি সামরিক অভিযান এবং ইরানের সাথে শান্তি আলোচনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর মতপার্থক্য তৈরি হয়েছে। ট্রাম্পের মতে, তেহরানের সাথে চুক্তিতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। এমনকি লেবাননে অনড় অবস্থানের কারণে ট্রাম্প ব্যক্তিগত আলাপে নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বলেও খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সাথে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চাইছে যাতে হরমুজ প্রণালি খুলে দেয়া হয় এবং বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান হয়। কিন্তু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের চলমান অভিযান এই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তেহরান দাবি করেছে, যেকোনো শান্তি চুক্তিতে লেবানন ইস্যুও অন্তর্ভুক্ত থাকতে হবে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে ইরান যুদ্ধের জনপ্রিয়তা দিন দিন কমছে এবং ইসরাইলের প্রতিও তাদের দৃষ্টিভঙ্গি নেতিবাচক হচ্ছে। অন্যদিকে নেতানিয়াহুও চলতি বছর নিজ দেশে নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন, যেখানে তাকে প্রমাণ করতে হবে যে তিনি ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে জয়ী হচ্ছেন।

এএম