ট্রাম্প ও তার পরিবারকে কর অডিট থেকে দায়মুক্তি দিলো মার্কিন বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগ্রহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের চলমান কর অডিট বা নিরীক্ষা থেকে দায়মুক্তি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক নির্দেশনায় এই নজিরবিহীন সিদ্ধান্ত জানানো হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এক পৃষ্ঠার এই নথিটি প্রকাশ করা হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ স্বাক্ষরিত ওই নথিতে বলা হয়, ট্রাম্প, তার পরিবারের সদস্য এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর সংক্রান্ত কোনো দাবি নিয়ে কর্তৃপক্ষ ‘কখনোই আইনি ব্যবস্থা নিতে পারবে না’। সোমবার ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের একটি মামলা নিষ্পত্তির পর এই দায়মুক্তির বিষয়টি যুক্ত করা হলো। উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ট্রাম্পের কর সংক্রান্ত তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার অভিযোগে তিনি দেশটির অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা বা আইআরএসের বিরুদ্ধে ওই মামলা করেছিলেন।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ এই পদক্ষেপকে ‘দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেন, ‘কর ফাঁকি দেয়া প্রেসিডেন্ট এখন তার পুরো পরিবারের জন্য দায়মুক্তি নিশ্চিত করলেন।’ নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কর বিশেষজ্ঞ অধ্যাপক নাথান গোল্ডম্যান আল জাজিরাকে বলেন, ‘এই সিদ্ধান্ত তাকে অন্যান্য সাধারণ মার্কিন করদাতার চেয়ে আলাদা ও বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থানে বসিয়েছে।’

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়কার হোয়াইট হাউসের প্রধান নীতি বিষয়ক আইনজীবী রিচার্ড পেইন্টার বলেন,‘ট্রাম্পকে করের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া অসাংবিধানিক।’ তার মতে, প্রেসিডেন্ট যদি আইআরএসকে অর্থ না দিয়ে পার পেয়ে যান, তবে তা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ কংগ্রেসের নির্ধারিত বেতন ছাড়া সরকারের কাছ থেকে অন্য কোনো আর্থিক সুবিধা নেয়া প্রেসিডেন্টের জন্য নিষিদ্ধ।

বিচার বিভাগের এই নির্দেশনাটি ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ‘অ্যান্টি-উইপোনাইজেশন ফান্ড’ গঠনের সিদ্ধান্তের পরপরই এলো। ১ দশমিক ৭৭৬ বিলিয়ন ডলারের এই তহবিলটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে তৈরি করা হয়েছে। তবে সমালোচকেরা একে ট্রাম্পের মিত্রদের পুরস্কৃত করার জন্য একটি ‘গোপন তহবিল’ হিসেবে দেখছেন। এই তহবিল বণ্টনের দায়িত্বে থাকা পাঁচ সদস্যের কমিশনের চারজনকেই সরাসরি নিয়োগ দেবেন টড ব্ল্যাঞ্চ, যিনি একসময় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।

এএম