পশ্চিমবঙ্গে নারীদের উন্নয়নে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’, বন্ধ ধর্মীয় সহায়তা প্রকল্প

পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার
পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার | ছবি: সংগৃহীত
0

অবশেষে পশ্চিমবঙ্গে নারীদের উন্নয়নে এবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন দিলো রাজ্য সরকার। যার আওতায় প্রতি মাসে রাজ্যের নারীদের দেয়া হবে ৩ হাজার রুপি করে ভাতা। আগামী ১ জুন থেকে কার্যকর হচ্ছে এ প্রকল্প। এদিকে, বন্ধ হচ্ছে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেয়া সহায়তা প্রকল্পগুলো।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকেই একের পর এক পদক্ষেপ বাস্তবায়ন করছে শুভেন্দু সরকারের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় নারীদের কল্যাণে এবার অনুমোদন আসলো অন্নপূর্ণা যোজনা প্রকল্পের। নির্বাচনী প্রচারণায় বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল এই প্রকল্প।

নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, পশ্চিমবঙ্গে নারীদের উন্নয়নে অন্নপূর্ণা যোজনা প্রকল্প আগামী ১ জুন থেকে কার্যকর হচ্ছে। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের নারীরা প্রতি মাসে পাচ্ছেন ৩ হাজার রুপি করে।

পশ্চিমবঙ্গের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘প্রতি বছর নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের অধিনস্ত অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, শুধু নামগুলো স্থানান্তরিত হয়ে যাবে এই স্কিমে। যারা পাননি, আমরা খুব শিগগিরই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা আবেদন করবেন।’

আরও পড়ুন:

২০২১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নারীদের জন্য চালু করেছিলেন লক্ষীর ভাণ্ডার প্রকল্প। ৫০০ রুপি দিয়ে শুরু করা এই ভাতা সুবিধা ধাপে ধাপে দেড় হাজার রুপিতে দাঁড়ায়। এবার এই প্রকল্পের আদলেই দ্বিগুণ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি সরকার। যারা লক্ষীর ভাণ্ডার পেতেন তারাও অন্নপূর্ণা প্রকল্পের আওতায় থাকবেন।

এদিকে, রাজ্যের সব সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্য পরিবহন ব্যবস্থার নীতিগত অনুমোদন দিয়েছে শুভেন্দুর মন্ত্রিসভা। যা কার্যকর হচ্ছে আগামী ১ জুন থেকে। এছাড়া, রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।

তবে ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে দেয়া সমস্ত সহায়তা প্রকল্পগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের ইমাম, মোয়াজ্জেন ও পুরোহিতদের ভাতা।

এসএইচ