ভুর্ৎসবুর্গে অনুষ্ঠিত ‘জার্মান ক্যাথলিক কনভেনশন’–এ বক্তব্য দেয়ার সময় মের্ৎস এসব কথা বলেন। প্রায় ১ হাজার ৬০০ মানুষের উপস্থিতিতে তিনি বলেন, ‘আমি আমেরিকার একজন বড় ভক্ত, কিন্তু বর্তমানে আমার সেই মুগ্ধতা আর বাড়ছে না।’ তার এমন মন্তব্যে উপস্থিত শ্রোতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমি আজ আমার সন্তানদের যুক্তরাষ্ট্রে গিয়ে শিক্ষা নেয়া বা সেখানে কাজ করার কথা বলবো না।’ তিনি আরও উল্লেখ করেন যে বর্তমানে আমেরিকায় এমনকি উচ্চশিক্ষিতদের জন্যও চাকরি পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
চ্যান্সেলর হওয়ার আগে ফ্রিডরিখ মের্ৎস দীর্ঘ সময় ব্যবসায়িক ক্যারিয়ারের প্রয়োজনে যুক্তরাষ্ট্রে নিয়মিত যাতায়াত করেছেন। বিশেষ করে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকরকের সঙ্গে কাজ করার সময় মার্কিন বাজারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটির সামাজিক ও কর্মসংস্থানের পরিবেশ নিয়ে তিনি তার এই উদ্বেগের কথা জানালেন।





