হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টায় চীনা সুপারট্যাঙ্কার

হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজ ও নৌকা
হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজ ও নৌকা | ছবি: রয়টার্স
0

ইরাকের ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছে একটি চীনা সুপারট্যাঙ্কার। বুধবার জাহাজ চলাচলের তথ্য পর্যালোচনাকারী সংস্থা এলএসইজি এবং কেপলারের তথ্যে এই চিত্র দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ইউয়ান হুয়া হু’ নামের এই বিশাল তেলের ট্যাঙ্কারটি ইরানের লারাক দ্বীপ পার হয়ে বর্তমানে প্রণালির পূর্ব দিকে অবস্থান করছে এবং দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর এটি হরমুজ প্রণালি দিয়ে কোনো চীনা তেলের ট্যাঙ্কারের তৃতীয়বারের মতো যাতায়াত।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করেছে ইরান। এই জলপথ ব্যবহার করে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য ইরাক ও পাকিস্তানের সঙ্গে বিশেষ চুক্তি করেছে তেহরান। অন্য দেশগুলোও এখন একই ধরনের চুক্তির পথ খুঁজছে। বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণ স্থায়ী রূপ পেতে পারে।

চীনা এই সুপারট্যাঙ্কারটি কসকো শিপিং এনার্জি ট্রান্সপোর্টেশন কোম্পানির মালিকানাধীন এবং এটি পরিচালনা করছে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি সিনোপেকের বাণিজ্য শাখা ইউনিপেক। গত মার্চের শুরুতে ইরাকের বসরা টার্মিনাল থেকে ২০ লাখ ব্যারেল তেল নিয়ে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু যুদ্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এটি পারস্য উপসাগরে আটকা পড়ে ছিল। বর্তমানে জাহাজটি এশিয়ার দিকে যাচ্ছে।

এর আগে গত ১১ এপ্রিল ‘কসপিয়ার্ল লেক’ এবং ‘হি রং হাই’ নামের দুটি চীনা পতাকাবাহী বড় তেলের ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি পার হয়েছিল।

এএম