পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী | ছবি: সংগৃহীত
0

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে রাজ্যপালের কাছ থেকে পেয়েছেন সরকার গঠনের অনুমতিও। আজ (শনিবার, ৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার।

আনুষ্ঠানিক নাম ঘোষণায় জল্পনা থাকলেও পরপর দুইবার মমতাকে পরাস্থ করা, পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠা এবং রাজনৈতিক দূরদর্শিতার এক্স ফ্যাক্টর সব মিলিয়ে নয়া মুখ্যমন্ত্রীর হওয়ার দৌড়ে পদ্মের মণি ছিলেন শুভেন্দু অধিকারীই।

হয়েছেও তাই। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাওয়া বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসাবে নেতৃত্ব দেবেন ৫৫ বছর বয়সী এ নেতা।

শুভেন্দুর নাম ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র বিজেপির সরকার গঠিত হল। আর নয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, বাংলার উন্নয়নে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিজেপি সরকার।’ হুঁশিয়ারি দিয়েছেন, বিগত সরকারের সব দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন:

জানা গেছে, বিধায়কদের বৈঠকে ওঠা ৮ প্রস্তাবের সবটিতেই ছিলো শুভেন্দুর নাম। ছিলো না কোনো প্রতিদ্বন্দ্বী। গতকাল (শুক্রবার, ৮ মে) বিকেলে নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হবু বিধায়কদের বৈঠক হয়, প্রধান পর্যবেক্ষক ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম স্থির হয়।

নতুন বিধায়কদের সমর্থন নিয়ে শুভেন্দু এবার লোক ভবনে যাবেন এবং রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের আর্জি জানাবেন।

আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার। শপথগ্রহণ উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথগ্রহণ নিয়ে এখন সাজসাজ রব তাই রাজ্য বিজেপির অন্দরে।

এফএস