জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হারের পর কঠিন হয়ে গেছে বাংলাদেশের ফাইনালের পথ। অন্যদিকে, জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আফগানিস্তান। তাই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে টাইগাররা।
সমীকরণ বলছে, আগে ব্যাটিং করলে বাংলাদেশকে জিততে হবে অন্তত ৪১ রানের ব্যবধানে। আর রান তাড়ায় নামলে লক্ষ্যভেদ করতে হবে অন্তত ৯-১০ ওভার আগে। অর্থাৎ, শারজায় প্রতিটি রান, প্রতিটি ওভারেই সমীকরণের কথা মাথায় রাখতে হবে তাওহীদ হৃদয়ের দলকে।
বাংলাদেশের জন্য বড় পরীক্ষা ব্যাটিংয়ে দায়িত্বশীলতা ও বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স। বড় লক্ষ্য তাড়া করতে গেলেই খেই হারিয়ে ফেলছেন ব্যাটাররা, এক্ষেত্রে মানসিকতায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন ওপেনার তানজিদ তামিম।
আরও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তানজিদ তামিম বলেন, ‘মাইন্ডসেটেরই ব্যাপার এটা। আমরা যদি ৩০০ থেকে ৩৫০ চিন্তা না করে, যদি ছোট ছোট টার্গেট করে খেলি তাহলে আমার মনে হয় জিনিসটা ইজি হবে। তো আমাদের ওভাবেই আরকি মেন্টালিটি সেট করতে হবে। আমরা হোমে যেভাবে খেলি, আমরা যদি সেম মাইন্ডসেট নিয়ে যদি আমরা দেশের বাইরেও সেম প্রিপারেশন সবকিছু ফুললি কম্প্যাক্ট হয়ে যদি খেলতে পারি, অ্যাজ আ টিম হিসেবে খেলতে পারি, তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো হবে।’
এখন পর্যন্ত ২২টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে দুই দলই জিতেছে সমান ১১টি করে ম্যাচ। তবে আফগানদের কাছে শেষ ৩টি দ্বিপাক্ষিক সিরিজেই হেরেছে টাইগাররা। শেষ ছয় ম্যাচে জয় মাত্র একটি। ফলে রশিদ-নবীদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই টাইগারদের সামনে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নানা হিসেবের সমীকরণ পেরিয়ে বাংলাদেশ কি পারবে ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে? উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।





