ইসমাইল বাঘাই এই যুদ্ধকে একটি ‘সুস্পষ্ট ও উসকানিমূলক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ইরানি জাতির বিরুদ্ধে এই অবৈধ যুদ্ধ শুরু করা এবং চলমান সব নৃশংসতার জন্য মার্কিন জনগণের উচিত তাদের সরকারকে চ্যালেঞ্জ করা ও বিচারের মুখোমুখি করা।’
বিবৃতিতে বাঘাই সম্প্রতি মার্কিন সেনেটের একটি শুনানির ভিডিও ফুটেজ শেয়ার করেন। সেখানে সেনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডকে যুদ্ধ নিয়ে তীব্র সমালোচনা করতে দেখা যায়। জিলিব্র্যান্ড সেই শুনানিতে বলেছিলেন, ‘ইরান কোনোভাবে বা কোনো উপায়ে এই দেশে (যুক্তরাষ্ট্র) অবিলম্বে আক্রমণ করার পরিকল্পনা করছে—এমন কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না।’ এই মন্তব্যকেই মার্কিন আগ্রাসনের প্রমাণ হিসেবে তুলে ধরছেন ইরানি মুখপাত্র।





