বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ মডেল সদর থানা
চাঁপাইনবাবগঞ্জ মডেল সদর থানা | ছবি: সংগৃহীত
0

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামের এহু হোসেনের বাড়িতে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এহু হোসেনের বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ছিল অন্তত ৩০টি ককটেল। ককটেলগুলো একযোগে বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

এহু হোসেন ওই গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেলগুলো কীভাবে সেখানে মজুদ করা হয়েছিল এবং বিস্ফোরণের কারণ কী, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেলগুলো মাটির নিচে মজুদ করে রাখা হয়েছিল। তবে যে ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটেছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা এখনো জানা যায়নি।’

এসএস