ওমান থেকে পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

আব্বাস আরাঘচি
আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

ওমানের রাজধানী মাস্কাট সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মস্কো ভ্রমণের আগে তিনি আবারও পাকিস্তানে যাত্রাবিরতি করবেন। আশা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আরাঘচি ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করবেন।

আল-জাজিরার তথ্যমতে, তার ব্যক্তিগত বিমান ‘মেরাজ’ এরইমধ্যে তেহরান থেকে উড্ডয়ন করেছে এবং দুই ঘণ্টার মধ্যে তা পাকিস্তান পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

এর আগে ইসলামাবাদে প্রথম দফার আলোচনার পর প্রতিনিধি দলের একটি অংশ যুদ্ধ বন্ধের বিষয়ে উচ্চপর্যায়ের নির্দেশনা নিতে তেহরানে ফিরে গিয়েছিল। আজ রাতে তারা পুনরায় ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগ দেবেন।

গত কয়েক দিনে ইসলামাবাদে অবস্থানকালে আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এসব বৈঠকে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাঘচি আগেই জানিয়েছিলেন যে, কূটনৈতিক সমন্বয় জোরদার করতেই তার এই ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফর। ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষ করে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন।

এএইচ