যুদ্ধবিরতি বৃদ্ধি সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে: লেবাননের এমপি

লেবাননের সংসদ সদস্য নাজাত সালিবা
লেবাননের সংসদ সদস্য নাজাত সালিবা | ছবি: সংগৃহীত
0

ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোকে স্বাগত জানিয়েছেন লেবাননের সংসদ সদস্য নাজাত সালিবা। তিনি মনে করেন, এই অতিরিক্ত সময় লেবাননের সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ফেরার অন্তত একটি সুযোগ করে দেবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ‘নিউজডে’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে সালিবা বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ আরও ২১ দিন বাড়ানোর সিদ্ধান্তে সবাই স্বস্তি প্রকাশ করেছে। এর ফলে অনেক মানুষ নিজেদের ঘরে ফিরতে পারবেন, ঘরবাড়ির অবস্থা যাচাই করতে পারবেন এবং নতুন করে জীবন শুরু করার চেষ্টা করতে পারবেন।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি খুব মসরুণ হবে বলে আশা করছি না।’ তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে, লেবানন সরকার আলোচনার বিষয়ে অত্যন্ত দৃঢ়। সালিবার ভাষায়, ‘আমরা একটি অভিন্ন পথ খুঁজে বের করতে চাই যা সাধারণ মানুষকে বোমাবর্ষণ এবং মৃত্যুভয় থেকে মুক্তি দেবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওভাল অফিসে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। হিজবুল্লাহর হামলার হুমকির মধ্যেই এই কূটনৈতিক সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে আশার আলো দেখাচ্ছে।

এএম