যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও লেবাননে ইসরাইলের হামলা, পাল্টা হুমকি হিজবুল্লাহর

লেবাননে ইসরাইলের সবশেষ হামলা
লেবাননে ইসরাইলের সবশেষ হামলা | ছবি: আল জাজিরা
0

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনার দিনেও; লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এরইমধ্যে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ওয়াশিংটনে তেল আবিবের সঙ্গে বৈঠক হবে বলে দাবি বৈরুতের। নেতানিয়াহুর নির্দেশে লেবাননের সঙ্গে আলোচনা করলেও; হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি প্রসঙ্গ স্থান পাবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরাইল। এ অবস্থায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পাল্টা হুমকি দিয়েছে হিজবুল্লাহও।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও; লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। ড্রোন, বিমান ও স্থল হামলায় চলছে হত্যা ও ধ্বংসযজ্ঞ। টুল ও জেবচিত শহরসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ।

কয়েকদিনের হামলায় বেসামরিক অবকাঠামো ধুলোর সঙ্গে মিশে যাওয়ায় হতাহতদের উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধার কর্মীরা। বুধবার থেকে এখন পর্যন্ত সাড়ে ৩ শতাধিক নিহতের খবর সামনে এলেও প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হবে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও ইসরাইলি বাহিনী বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করায় আশ্রয়কেন্দ্রের চরম সংকট দেখা দিয়েছে বলে দাবি জাতিসংঘের। ১২ লাখ বাস্তুচ্যুতদের অনেকেরই আশ্রয় খোলা আকাশের নিচে।

আরও পড়ুন:

এদিকে ভূখণ্ড দখল করে দক্ষিণ লেবাননে থাকা ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের অনেক অবকাঠামোয় আগুন ধরতে দেখা গেছে। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরাইল। সময় যতো গড়াচ্ছে, ততোই বাড়ছে উত্তেজনা।

এমন পরিস্থিতির মধ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসতে যাচ্ছে লেবানন-ইসরাইল। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে বৈঠকটি হবে বলে জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতের মধ্যে ফোনালাপের পর শুক্রবার রাতে এই খবর দেয় বৈরুত। তবে ইসরাইলি রাষ্ট্রদূতের বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সম্মত হয়নি তারা। হিজবুল্লাহকে শান্তির পথে প্রধান বাধা বলেও দাবি করেছে তেল আবিব।

ইসরাইলের এমন বিবৃতির পর; শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমীও। এ অবস্থায় লেবাননে যুদ্ধ বন্ধের আশা অনিশ্চিত হয়ে পড়েছে।

বাস্তবতা হলো যেকোনো যুদ্ধ বন্ধে প্রয়োজন হয় সংঘাতে লিপ্ত দু'পক্ষের সমঝোতা। যা থেকে এখনও অনেক দূরে ইসরাইল ও হিজবুল্লাহ। আর লেবানন সরকারের বিরুদ্ধেও আক্রমণ চালাচ্ছে না ইসরাইল। যদিও হিজবুল্লাহ বিরুদ্ধে যুদ্ধের কথা বলে বেসামরিক মানুষও হত্যা করা হচ্ছে। এমন বাস্তবতায় ওয়াশিংটনের আলোচনার টেবিলে লেবানন-ইসরাইলের মূল এজেন্ডা কী হবে তা নিয়ে ওঠেছে প্রশ্ন।

ইএ