বাহরাইনে পেট্রোকেমিক্যালের আগুন ‘সম্পূর্ণ’ নেভানো হয়েছে, হামলা বন্ধের আহ্বান

বাহরাইনের মুহাররকে ইরানি হামলায় জ্বালানি ট্যাংকে ধোঁয়ার কুণ্ডলী
বাহরাইনের মুহাররকে ইরানি হামলায় জ্বালানি ট্যাংকে ধোঁয়ার কুণ্ডলী | ছবি: সংগৃহীত
0

ইরানি ড্রোন হামলায় বাহরাইনের একটি পেট্রোকেমিক্যাল কোম্পানিতে লাগা আগুন ‘সম্পূর্ণভাবে’ নেভানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। এদিকে বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ঈসা আল খলিফা এক বিবৃতিতে বলেছেন, বাহরাইন ও এ অঞ্চলের অন্যান্য দেশে ইরানি হামলায় বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। তিনি এসব হামলা অবিলম্বে বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ বরাত দিয়ে সংবাদমাধ্যম আনাদুলু ও মিডল ইষ্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ জানায়, ড্রোন হামলায় গালফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানির কয়েকটি পরিচালন ইউনিটে আগুন ধরে যায়। সংস্থাটি জানায়, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়।

ক্ষয়ক্ষতির পুরো মাত্রা নির্ধারণ করতে এখন স্থলপর্যায়ে ক্ষতি মূল্যায়ন করছে কর্তৃপক্ষ, জানিয়েছে সংস্থাটি।

একই সূত্র জানায়, ইমারজেন্সি রেসপন্ডার টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তারা বেসামরিক প্রতিরক্ষা ও অন্যান্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে পরিস্থিতি সামাল দিতে এবং স্থাপনাটি নিরাপদ করতে কাজ করছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেসামরিক প্রতিরক্ষা দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে স্থাপনাটিতে বড় বিস্ফোরণ ও আগুন দেখা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ ১ হাজার ৩৪০ জনের বেশি নিহত হয়েছে।

ইরান জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলকে লক্ষ্যবস্তু করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতেও হামলা হয়েছে। এতে হতাহত ও অবকাঠামোর ক্ষতি হয়েছে, একই সঙ্গে বৈশ্বিক বাজার ও বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে।

এএম