অ্যাসেম্বলির সদস্য আহমাদ আলামোলহোদা বলেন, ‘নেতা নিয়োগের ভোট অনুষ্ঠিত হয়েছে এবং নেতা নির্বাচিত হয়েছেন।’ তিনি আরও জানান, সংস্থাটির সচিবালয় পরে নাম ঘোষণা করবে।
অন্য সদস্যরাও সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। একজন সদস্য ইঙ্গিত দিয়েছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা খামেনি এ পদে আসতে পারেন। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা হওয়া আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আগে থেকেই মোজতবার নাম আলোচনায় ছিল।
আরও পড়ুন:
ইরানে সর্বোচ্চ নেতা পদটি রাজনৈতিক ও ধর্মীয় সর্বোচ্চ কর্তৃত্বের আসন এবং রাষ্ট্রীয় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা রাখে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে তার ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করেছেন এবং মোজতবা খামেনিকে এ পদের জন্য অযোগ্য বলেছিলেন। তবে ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এমন কোনো ভূমিকার ধারণা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
ফার্স বার্তা সংস্থায় প্রকাশিত এক ভিডিওতে অ্যাসেম্বলির আরেক সদস্য মোহাম্মদ মেহদি মিরবাঘেরি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রতিফলন ঘটে, এমন একটি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।’





