Recent event

ইসরাইল থেকে নাগরিকদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ফ্লাইট শুরু

ইসরাইল ত্যাগ করছে মার্কিন নাগরিকরা
ইসরাইল ত্যাগ করছে মার্কিন নাগরিকরা | ছবি: সংগৃহীত
0

ইসরাইল-ইরানের মধ্যে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই ইসরাইল থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এ তথ্য জানিয়েছেন।

মাইক হাকাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এর এক পোস্টে লিখেছেন, ইসরাইল বা পশ্চিম তীরে বসবাসকারী আমেরিকান নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের সহায়তা দিচ্ছে মার্কিন সরকার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সরকারি উদ্যোগে দু’টি বিমানে করে প্রায় ৭০ জনকে তেল আবিব থেকে গ্রিসের এথেন্সে নিয়ে যাওয়া হয়েছে। ওই কর্মকর্তা মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, সরকারি সাহায্যের জন্য অপেক্ষা না করে সম্ভব হলে যেন তারা নিজেরাই ইসরাইল ছেড়ে যান।

আরো পড়ুন:

এছাড়াও চীন, ভারত ও ইউরোপের আরো কয়েকটি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।

ইসরাইল গত ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। তাদের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এরপর থেকেই ইসরাইল ও ইরান একে অপরের ওপর বিধ্বংসী হামলা চালাচ্ছে।

শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় ৪শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, সরকারি হিসাব অনুযায়ী, ইরানের পাল্টা হামলায় ইসরাইলে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।—বাসস

এএইচ