আন্তর্জাতিক শ্রমিক দিবসের একদিন আগে অবৈধ অভিবাসীদের সুখবর দিলো মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার চলমান সাধারণ ক্ষমার মেয়াদ আরও এক বছর বাড়ানোর কথা জানিয়েছে বিভাগটি। যা পহেলা মে থেকে পুনরায় শুরু হয়ে চলবে আগামী বছরের মে পর্যন্ত।
আরও পড়ুন
গতকাল (বৃহস্পতিবার,৩০ এপ্রিল) প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির ইতিবাচক ফলাফলের কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নিয়েছেন। এ কর্মসূচির আওতায় অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিরা ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে আইনগত জটিলতা ছাড়াই নিজ দেশে ফিরতে পারছেন।
একজন প্রবাসী বলেন, ‘এটা একটা ভালো উদ্যোগ। যারা দেশে যেতে চেয়েছিল শেষ সময়ে তারা এখন ঠিক কিছুটা জরিমানা দিয়ে হলেও যেতে পারবে।’
তবে কেবল সাধারণ ক্ষমাই নয়, কঠোর হচ্ছে আইন প্রয়োগও। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সারাদেশে অভিযান, নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদার করা হবে। অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের আশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা।





