Recent event

নিউইয়র্কে রেমিট্যান্স ফেয়ার বর্জনের ডাক, অর্থ পাচারের অভিযোগ

গিয়াস আহমেদ (বামে), আবদুল কাদের (ডানে) | ছবি: এখন টিভি
0

নিউইয়র্কে রেমিট্যান্স ফেয়ার বর্জনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা। তাদের দাবি, পতিত আওয়ামী লীগের দোসররা অর্থ পাচারের উদ্দেশে এই মেলার আয়োজন করেছে। এমন বিতর্কিত আয়োজনে যোগদান থেকে বিরত থাকতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় রেমিট্যান্স শাটডাউনের হুমকি তাদের।

আসছে ১৯ ও ২০ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের। এতে স্থান নির্ধারণ করা হয়েছে একটি রেস্টুরেন্টের বেইজমেন্ট। যদিও এখানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরসহ এফবিসিসিআই ও বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারের আয়োজন কারা করেছে তা জানেনা প্রবাসীরা। পত্রিকার বিজ্ঞাপন থেকে জানা যায়, বিইউএসসিসিআই এবং ইউএসএ বাংলাদেশ বিজনেস লিংকস নামের দুটি সংগঠন মেলার আয়োজক। এই সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা নেই কারও। মেলার আড়ালে যুক্তরাষ্ট্রে টাকা ও মানব পাচারের আয়োজন চলছে অভিযোগ করে এই রেমিট্যান্স ফেয়ার বন্ধের আহ্বান জানিয়েছে এখানকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অভিযোগ, আওয়ামী লীগের দোসর বিশ্বজিৎ সাহার নেতৃত্বে অর্থ পাচারের একটি বিরাট সিন্ডিকেট তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের বলেন, 'সবাইকে আহ্বান জানাবো আপনারা দয়া করে, আমাদের এই নিউইয়র্কে যে ফেয়ারটা হতে যাচ্ছে এটাকে বয়কট করার দাবি এবং এই অনুষ্ঠানটা যে বাংলাদেশের গভর্নরের প্রোটোকল থেকে টোটালি বয়কট এবং স্থগিত করার জন্য আমরা অনুরোধ করছি।'

নিউইয়র্কের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সংবাদ সম্মেলনে করে এমন আয়োজন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রেমিট্যান্স ফেয়ার করে বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বিশ্বজিৎ চক্র। নানা অভিযোগ তুলে এই মেলা বন্ধের আহ্বান জানিয়েছে, জ্যাকসন হাইটস বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতিও। সাংবাদিক নেতারাও বিতর্কিত ব্যক্তির অধীনে রেমিট্যান্স ফেয়ারের বিপক্ষে।

রেমিট্যান্স ফেয়ার কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফেয়ারে অংশ নাও নিতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র। এজন্য বাংলাদেশ কনসুলেট গভর্নরকে নিয়ে আয়োজন করেছে মতবিনিময় সভার। তবে এ বিষয়ে বিশ্বজিৎ সাহার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।

এসএস